কুখ্যাত রুশ সেনা কমান্ডার মানগুসেভকে গুলি করে হত্যা
রুশ সেনাবাহিনীর কুখ্যাত সাবেক ক্যাপ্টেন ও বর্তমান ভাড়াটে সেনা কমান্ডার ইগর মানগুসেভ গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে মারা গেছেন। অধিকৃত ইউক্রেনে দায়িত্ব পালনের সময় খুব কাছ থেকে তাকে কেউ একজন গুলি করেন। বুধবার গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। কিন্তু কারা তাকে টার্গেট করে হত্যা করল বিষয়টি নিয়েই ধোঁয়াশা চলছে। খবর বিবিসির।
মানগুসেভের স্ত্রী তাতানা দাবি করেছেন, তার স্বামীকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে।
মানগুসেভ ইউক্রেনের দখলকৃত লুহানস্কে একটি ড্রোন বিধ্বংসী ইউনিটের কমান্ডারের দায়িত্ব পালন করছিলেন। এ ছাড়া ২০১৪ সাল থেকে লুহানস্কে ইউক্রেনীয় সেনাদের বিরুদ্ধে লড়াই করতে ‘ইয়েনোত’ নামের একটি ভাড়াটে সেনাবাহিনীও প্রতিষ্ঠা করেছিলেন।
২০২২ সালের মাঝামাঝি সময়ে মানগুসেভ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। সেই ভিডিওতে দেখা যায়, তিনি একজন ইউক্রেনীয় সেনার মাথার খুলি ধরে দাঁড়িয়ে আছেন, যিনি মারিওপোলে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে নিহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ভিডিও প্রকাশ করার পর তাকে কুখ্যাত কমান্ডারের তকমা দেওয়া হয়।
মানগুসেভ একজন উগ্র জাতীয়তাবাদী হিসেবে পরিচিত ছিলেন। তিনি প্রায়ই বলতেন, তারা ইউক্রেনের সাধারণ মানুষের বিরুদ্ধে লড়াই করছেন না। এর বদলে ইউক্রেনের সাধারণ মানুষের মধ্যে ‘রাশিয়া বিরোধী যে মনোভাব আছে’ সেটির বিরুদ্ধে লড়াই করছেন। আর যুদ্ধে কত ইউক্রেনীয় মারা যাবে সেটি তাদের কাছে কোনো বিষয় না।

Join the conversation