সিরিয়ায় ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ
স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের পরবর্তী সাহায্যের জন্য সিরিয়ায় ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ সরকার। বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমানযোগে সিরিয়ায় ত্রাণ পাঠানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
শুক্রবার আইএসপিআর জানিয়েছে, ত্রাণ সহায়তার জন্য বড় তাবু, ছোট তাবু, কম্বল, সোয়েটার, শুকনা খাবার এবং ওষুধ সামগ্রী পাঠানো হবে।
এই মিশনের নেতৃত্ব দিবেন বাংলাদেশ বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জামিল উদ্দিন আহমেদ। ওই সি-১৩০জে পরিবহন বিমানটি বাংলাদেশ থেকে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) সিরিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে এবং সিরিয়ায় ত্রাণ সামগ্রী পৌঁছানোর পর কার্যক্রম শেষে বিমানটি পুনরায় বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে।
ভূমিকম্প পরবর্তী জরুরি ত্রাণ এবং চিকিৎসা সামগ্রী বিমান বাহিনীর ওই পরিবহন বিমান দ্বারা সিরিয়ায় পাঠানোর লক্ষ্যে ঢাকা-জর্ডান-সিরিয়া রুটে বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।
প্রসঙ্গত, গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক ও সিরিয়া সীমান্তে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে এবং এতে শুক্রবার পর্যন্ত মৃতের সংখ্যা ২১ হাজার ছাড়িয়ে গেছে বলে জানা যায়। এছাড়া অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে। ভূমিকম্পের ফলে সৃষ্ট খাদ্য ও পানি সংকট, বাসস্থান সংকট ও জরুরী চিকিৎসা সেবার অভাবে সেখানে সার্বিকভাবে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। ভূমিকম্পের পর ইতিমধ্যেই সেনাবাহিনীর নেতৃত্বে একদল উদ্ধারকারী তুরস্কে মানবতার সেচায় কাজ করে যাচ্ছে।

Join the conversation