01:51:24 am
Tuesday, August 25

দেশে সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে, শীতে বাড়ছে দুর্ভোগ

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে উত্তরের সীমান্তবর্তী জেলা দিনাজপুরে। রোববার সকাল ৬টায় দিনাজপুরে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। আবহাওয়া অধিদফতরের কর্মকর্তারা বলছেন, চলতি মৌসুমে এখন পর্যন্ত এটাই দেশের সর্বনিম্ন তাপমাত্রা। 

জেলা আবহাওয়া অফিসের তথ্য মতে, হিমেল বাতাস আর ঘন কুয়াশায় দিনের বেলায়ও যানবাহন চালাতে হচ্ছে লাইট জ্বালিয়ে। চলতি সপ্তাহে জেলায় স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলে তাপমাত্রা আরো কমবে। এছাড়া চলতি মাসেই জেলার ওপর দিয়ে দুটি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, রোববার দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ ভাগ। জেলায় ডিসেম্বর মাসে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা দ্রুত কমবে।

জেলার চিরিরবন্দর উপলোর বড় গ্রামের ইটভাটার শ্রমিক আব্দুর রহমানের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের। তিনি বলেন, ‘গতকাল সন্ধ্যাত থ্যাকে হঠাৎ করে ঠান্ডা পড়ে গ্যাছে। আজকা সকালে ঠান্ডার চোটত (চোটে)  হাত-পা ক্যান-ক্যান করিচ্ছি। মনে হচ্ছে হাত-পা জড়ে যাছে। কাজ করা কঠিন হয়ে গ্যাছে।’

ভ্যানচালক জাহিদুল ইসলাম বলেন, গত এক সপ্তাহ শীতের তীব্রতা সবচেয়ে বেশি। শীত বেশি হওয়ায় সকাল ও সন্ধ্যায় রাস্তায় মানুষের চলাচল কমে গেছে। ঠিকমতো ভাড়া হচ্ছে না।

Share this post

Join the conversation