10:51:28 am
Friday, August 21

এবার পিএসজির বায়ার্ন পরীক্ষা

পিএসজির হতাশার নাম চ্যাম্পিয়ন্স লিগ। ইউরো ক্লাব শ্রেষ্ঠত্বের এ লড়াইয়ে নক আউট পর্ব থেকে বাদ পড়াটাই যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে ফরাসি জায়ান্টদের। তারকা বোঝাই টাইটানিক নিয়েও বারবার ডুবেছে দলটি। এমনই অবস্থায় এবারের আসরে শেষ ষোলোতে বড় পরীক্ষা দিতে হচ্ছে ফরাসি জায়ান্টদের। মঙ্গলবার প্যারিসে প্রথম লেগে তাদের প্রতিপক্ষ বিপজ্জনক দল বায়ার্ন মিউনিখ।

পিএসজি শিবিরে চ্যাম্পিয়ন্স লিগে ঐতিহাসিক ব্যর্থতার সঙ্গে এবার যোগ হচ্ছে অফ ফর্ম ও ইনজুরি সংকট। সর্বশেষ দুটো ম্যাচেই খুব বাজেভাবে হেরেছে তারা। মার্সেইয়ের কাছে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় নিয়েছে পিএসজি। রোববার লিগ ওয়ানে সর্বশেষ ম্যাচে মোনাকোর কাছে ৩-১ গোলে বিধ্বস্ত হয়েছে ফরাসি জায়ান্টরা। এর সঙ্গে যোগ হয়েছে ইনজুরি। আজকের বড় পরীক্ষায় এমবাপে খেলতে পারবেন কি না তা নিয়েও আছে অনিশ্চয়তা। মোনাকোর বিপক্ষে ম্যাচ শেষে পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়েরও বলেছেন, সম্ভবত বায়ার্নের বিপক্ষে খেলতে পারবেন না এমবাপে। আগের তিন ম্যাচে চোটের কারণে খেলেননি এই ফরাসি গোলমেশিন। যদিও গতকাল দলের সঙ্গে অনুশীলন করেছেন এমবাপে। এদিকে দলটির আক্রমণভাগের প্রধানতম অস্ত্র মেসি পুরো ফিট অবস্থায় খেলতে পারবেন কি না তা নিয়েও আছে সংশয়। মোনাকোর বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠে নামেননি গত বিশ^কাপে গোল্ডেন বল জয়ী মেসি।


চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন সবসময়ই শিরোপার অন্যতম দাবিদার। এখন পর্যন্ত ইউরোর শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দলটি শিরোপা জিতেছে ছয়বার। বিপরীতে এখনও ট্রফির স্বাদ পায়নি ফরাসি জায়ান্টরা। গত আসরে রিয়াল মাদ্রিদের কাছে হেরে শেষ ষোলো থেকে বিদায় নিয়েছিল পিএসজি। আর এই প্রি-কোয়ার্টার ফাইনাল পর্বে বায়ার্নের রেকর্ড ঈর্ষণীয়। সর্বশেষ ১০ আসরের মধ্যে ৯ বারই শেষ ষোলোর বাধা পেরিয়েছে জার্মান জায়ান্টরা। বলাবাহুল্য, সর্বশেষ তিন আসরেই শেষ আটে পৌঁছেছে দলটি।

এবারের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বেও দুর্দান্ত খেলেছে বায়ার্ন। ইন্টার মিলান ও বার্সেলোনাকে পেছনে ফেলে গ্রুপসেরা হিসেবেই উঠে এসেছে নক আউট পর্বে। আর ডেথ গ্রুপের ফাঁদে আটকা পড়ে বার্সার যাত্রা থেমেছে প্রথম পর্ব থেকেই। এমন একটা কঠিন গ্রুপেও সব ম্যাচই জয়ের কৃতিত্ব দেখিয়েছে জার্মান জায়ান্টরা। তবে গত কয়েক দিন ধরে সময়টা ভালো যাচ্ছে না বায়ার্নের। টানা তিন ম্যাচ ড্রয়ের পর বুন্দেসলিগায় শনিবারের ম্যাচে জিতেছে তারা। ম্যাচে বোচুমকে বায়ার্ন হারিয়েছে ৩-০ গোলের ব্যবধানে।


খুব ভালোভাবে জয়ের ধারায় ফিরেও শিষ্যদের পারফরম্যান্সে সন্তুষ্ট নন বায়ার্ন কোচ জুলিয়ান নাগেলসম্যান। পিএসজির বিপক্ষে ভালো ফল করতে হলে খেলায় উন্নতি করতে হবে শিষ্যদের প্রতি এই আহ্বান জানিয়েছেন বায়ার্ন হেডমাস্টার। তার ভাষায়, বোচুমের বিপক্ষে প্রথম ৬ মিনিটের মধ্যেই দুই গোলে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল। এভাবে খেললে পিএসজির বিপক্ষে ভালো ফল করা যাবে না। কেননা পিএসজি বিশ^মানের দল। এমবাপে যদি নাও খেলে তারপরও তারা শক্তিশালী দল।

Share this post

Join the conversation