08:40:35 pm
Friday, August 21

আফগানিস্তানে এনজিওতে নারীদের চাকরি নিষিদ্ধ

কয়েকদিন আগেই আফগানিস্তানে নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা নিষিদ্ধ করে তালেবান শাসিত প্রশাসন। সেই আলোচনার রেশ না কাটতেই এবার দেশটিতে নারীদের কর্মক্ষেত্র সংকুচিত করারও ব্যবস্থা নিলো তালেবান। আফগানিস্তানে নারীরা দেশি ও বিদেশি বেসরকারি সংস্থায় (এনজিও) আর কাজ করতে পারবেন না বলে শনিবার (২৪ ডিসেম্বর) নির্দেশ দিয়েছে তালেবান সরকার।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক চিঠিতে স্থানীয় ও বিদেশি সব বেসরকারি সংস্থাকে (এনজিও) নারী কর্মীদের কাজে আসা থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

আফগান অর্থ মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুলরহমান হাবিব স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ‘পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নারীরা কাজে যোগ দিতে পারবেন না। কেননা তাদের কেউ কেউ ইসলামি পোশাকের বিধান মেনে চলেননি।’

জাতিসংঘ বলছে, চলতি শীত মৌসুমে তালেবানের এমন নির্দেশ মানবিক সহায়তা কার্যক্রম ব্যাহত করতে পারে।

এনজিওতে নারীদের নিষিদ্ধ করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এক টুইটবার্তায় তিনি বলেন, তালেবান সরকারের এ সিদ্ধান্তে লাখ লাখ মানুষের জীবন রক্ষাকারী সহায়তা কার্যক্রম ব্যাহত হবে।

জাতিসংঘের সংস্থাগুলোর জন্য এ নির্দেশ প্রযোজ্য কি না, তা স্পষ্টভাবে চিঠিতে বলা হয়নি। আফগানিস্তানে অনেক নারী এসব সংস্থায় কাজ করেন।

গত ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ে নারীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ ঘোষণা করে বিশ্বব্যাপী সমালোচনার মুখে পড়ে তালেবান। এ নিয়ে দেশটিতে বিক্ষোভও করেন নারীরা।

Share this post

Join the conversation