দায়িত্ব আরও বেড়ে গেল: ওবায়দুল কাদের
তৃতীয়বারের মতো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় দায়িত্ব আরও বেড়ে গেছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ নেতা ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘স্বাধীনতা পরবর্তীতে তিনবার দলের সাধারণ সম্পাদক হয়েছি, আরও দায়িত্ব বেড়ে গেল।’
রোববার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের নতুন কমিটির শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘গতকালের জাতীয় সম্মেলন ছিল সুশৃঙ্খল স্বতঃস্ফূর্ত। আমাদের পার্টি শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ সেটাই গতকাল সম্মেলনে উপস্থিতিতে প্রমাণিত হয়েছে।’
সাধারণ সম্পাদক হিসেবে পুনর্নির্বাচিত হওয়াকে সৌভাগ্য হিসেবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘এটা আমার সৌভাগ্য যে আবার আওয়ামী লীগের দায়িত্ব পেয়েছি এবং এটা শেখ হাসিনার সিদ্ধান্ত। কাউন্সিলরদের চোখের ভাষা মনের ভাষা তিনি বোঝেন।’
তিনি বলেন, ‘আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই সম্মেলনের নেতৃত্ব নির্বাচিত করেছি। পুরনোরা বেশিরভাগই পুনরায় নির্বাচিত হয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের পার্টিতে অপরিহার্য, তার কোনো বিকল্প নেই। আওয়ামী লীগে ১০ জনেরও বেশি প্রার্থী আছেন যারা জেনারেল সেক্রেটারি হতে পারেন।’
আগামী নির্বাচন, বিশ্বপরিস্থিতি সামনে রেখে আমাদের দেশেও সংকট আছে উল্লে করে আ.লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, ‘জঙ্গিবাদ সাম্প্রদায়িকতা, বিএনপির নেতৃত্বে সরকার হটানোর আন্দোলন, এমন পরিস্থিতিতে আওয়ামী লীগের সামনে নানা চ্যালেঞ্জ। তা মোকাবেলায় আওয়ামী লীগের নেতৃত্বে অভিজ্ঞদের রাখার সিদ্ধান্ত নিয়েছেন দলের সভাপতি।’
এর আগে গতকাল শনিবার আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে আওয়ামী লীগের নতুন কমিটি নির্বাচিত হয়। এতে দলটির বর্তমান সভাপতি শেখ হাসিনা টানা দশমবারের মতো সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের টানা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন।
শনিবার বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে দলটির নতুন সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করে নির্বাচন কমিশন।

Join the conversation