05:28:04 am
Saturday, August 22

বিনা বেতনে কাজ করবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ

স্মরণকালের ভয়াবহ অর্থনৈতিক সংকটের জেরে বিনা বেতনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকারের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার মন্ত্রিসভার ১৪ জন সদস্য। ১২ জন পূর্ণ মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী। উল্লেখ্য, পাকিস্তানের ইতিহাসে এই প্রথমবার কোনো প্রধানমন্ত্রী বিনা বেতনে কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন।
 
পাকিস্তানের জাতীয় দৈনিক দ্য ট্রিবিউন জানিয়েছে, বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদে কেন্দ্রীয় মন্ত্রিসভার এক বৈঠকে দেশের গভীর অর্থনৈতিক সংকটের জেরে নিজে বিনা বেতনে কাজ করবেন বলে জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে মন্ত্রিসভার পিএমএলএনের সদস্যরা বলেন, এ ক্ষেত্রে তারাও নেতাকে অনুসরণ করবেন।
 
বৈঠকে জোটের শরিক পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান ও দেশটির বর্তমান পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোও উপস্থিত ছিলেন। তবে মন্ত্রিসভার একটি সূত্র বলছে, তিনি এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানাননি।
 
বিগত বিভিন্ন সরকারের আমলে ঘটা অপব্যয়-দুর্নীতি, রাষ্ট্রীয় প্রশাসনে সামরিক বাহিনীর হস্তক্ষেপ ও করোনা মহামারির জেরে বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকট চলছে পাকিস্তানে। অর্থনীতির এই টালমাটাল অবস্থার জেরে দেশটিতে খাদ্য-ওষুধ-জ্বালানির মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ সব পণ্যের দাম বাড়ছে অবিশ্বাস্য হারে।
 
 এই পরিস্থিতিতে সরকারি ব্যয় কমানোর জন্য গত মাসে মন্ত্রিসভার সদস্য ও সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা হ্রাস করতে পাকিস্তানের সরকারি কর্মকমিশন ন্যাশনাল অস্টারিটি কমিটিকে নির্দেশ দিয়েছিলেন শাহবাজ শরিফ। বৃহস্পতিবার বিনা বেতনে কাজ করার সিদ্ধান্ত জানান তিনি।
 
Share this post

Join the conversation