তুরস্ক-সিরিয়ায় ফের শক্তিশালী ভূমিকম্পের আঘাত, নিহত ৩
তুরস্ক-সিরিয়া সীমান্তে ফের ৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সোয়লু জানিয়েছেন, দুটি নতুন ভূমিকম্পে অন্তত ৩ জন নিহত এবং ২১৩ জন আহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, স্থানীয় সময় সোমবার (২০ ফেব্রুয়ারি) রাত ৮টায় মিনিটে দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশের দেফনে শহরে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল মাত্র ২ কিলোমিটার। ভূমিকম্পের তীব্রতা ২০০ কিলোমিটার উত্তরের আন্তাকিয়া ও আদানা শহরেও অনুভূত হয়।
তুরস্কের জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, প্রথম ভূমিকম্পটির কয়েক মিনিট পর হাতায়ের সামান্দাগ জেলায় ৫.৮ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, ভূমিকম্প পার্শ্ববর্তী জর্ডান, ইসরায়েল, মিশরেও অনুভূত হয়েছে।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্ক-সিরিয়া সীমান্তে ৭.৮ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। এর কয়েক মিনিট পর ৭.৬ মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প হয়। এখন পর্যন্ত এ ভূমিকম্পে ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

Join the conversation