11:29:34 pm
Saturday, June 20

চলছে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান, উৎকণ্ঠায় স্বজনরা

গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণ হওয়া ভবনটিতে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। বুধবার সকালে সেনা সদস্যদের নেতৃত্বে এই অভিযান শুরু হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক দীনমনি শর্মা।

গুলিস্তানের সিদ্দিকবাজারে বিস্ফোরণ হওয়া ভবনটিতে দ্বিতীয় দিনের মতো উদ্ধার অভিযান চলাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা। বুধবার সকালে সেনা সদস্যদের নেতৃত্বে এই অভিযান শুরু হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগীয় উপপরিচালক দীনমনি শর্মা।

তিনি বলেন, আমরা সকাল ৯টা থেকে আবার উদ্ধার কাজ শুরু করেছি। অভিযান শুরুর পর ধসে যাওয়া ভবনের নিচের মালামাল সরাতে শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধার কাজের জন্য ঘটনাস্থল এবং আশপাশে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। সেনাবাহিনীর আরেকটা টিম আসার কথা। ওরাও আসবে।

এদিকে সকাল থেকেই নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা ভবনটির আশেপাশে উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় রয়েছেন। পুরান ঢাকার বাসিন্দা মো. আরিফ বলেন, আমার বন্ধু মোমিন উদ্দিন সুমন এই ভবনের নীচতলায় একটি অফিসে কাজ করতো। গতকাল এই ভবনে বিস্ফোরণ হওয়ার খবর শুনেই ওকে কল করতে থাকি। মোবাইলে কল ঢুকেছে কিন্তু রিসিভ করেনি।

গতকাল রাত ৯টা পর্যন্ত মোবাইলে কল বেজেছে জানিয়ে তিনি আরও বলেন, ৯টার পর আর কল ঢুকেনি। উদ্ধারকারীরা ওর মোবাইলটা পেয়েছে, কিন্তু আমার বন্ধুকে এখনো পাওয়া যায়নি।

মঙ্গলবার (৭ মার্চ) বিকাল পৌনে পাঁচটার দিকে গুলিস্তানে বিআরটিসির বাস কাউন্টারের কাছে সিদ্দিকবাজারে সাত তলা একটি ভবনে বিস্ফোরণ ঘটে। এতে পাশের আরেকটি পাঁচতলা ভবনও ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে সাততলা ভবনের বেসমেন্ট, প্রথম ও দ্বিতীয় তলা বিধ্বস্ত হয়। আর পাঁচতলা ভবনের নিচতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ভবনের দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ব্র্যাক ব্যাংকের কার্যালয়। সেখানেও উদ্ধারকাজ চালায় ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট।

বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছেন ১৯ জন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ১৮ জন চিকিৎসাধীন বলে জানিয়েছেন হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইউব হোসেন জানিয়েছেন, সেখানে আহত ১০ জন চিকিৎসা নিচ্ছেন। তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।