05:06:51 am
Tuesday, August 25

তিন দিনের ব্যবধানে বিএসএফের গুলিতে ফের বাংলাদেশি নিহত

লালমনিরহাটে সীমান্তে তিন দিনের ব্যবধানে আবারও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বিপ্লব মিয়া ওরফে বিপুল (২২) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রোববার সকালে তিস্তা ব্যাটালিয়ন-২ বুড়িমারী বিওপি এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে রংপুর হাসপাতালে চিকিৎসার নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

নিহত বিপুল হোসেন পাটগ্রাম উপজেলার ধবলসতী গাটিয়ার ভিটা এলাকার রশিদুল ইসলামের ছেলে।

স্থানীয়রা জানান, বুড়িমারী বিওপির ৮৪৩ নং মেইন পিলারের কাছে ৮-১০ জন গরু চোরাকারবারি ভারতের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে ৯৮ বিএসএফের চ্যাংড়াবান্ধা ক্যাম্পের টহল দল দুই থেকে তিন রাউন্ড গুলি করে। এতে বিপুল হোসেন গুলিবিদ্ধ হয়।

পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, বুড়িমারী এলাকা থেকে বিপুল হোসেন নামের একজন গুলিবিদ্ধ হয়েছে। বুড়িমারী বাঁধের পাড় এলাকায় বিএসএফের গুলিতে মারা গেছে বলে জানা গেছে।

৬১ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর হাসান শাহরিয়ার মাহমুদ বলেন, এক যুবককে তার নিজ বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। পুলিশকে খবর দেওয়া হয়েছে। পুলিশ বিষয়টি দেখবে। আমরা বিএসএফের কাছে জানতে চেয়েছি। জানালে বিস্তারিত জানতে পারব।

Share this post

Join the conversation