12:22:25 am
Friday, August 21
লাউ ক্ষেত

লাউ গাছের সাথে এ কেমন শত্রুতা

মাদক ব্যবসা ও নারীদের উত্ত্যক্তে বাধা দেওয়ায় দুই বিঘা জমির লাউ গাছ কেটে ফেলেছে বখাটেরা।

গতকাল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার উত্তর ষোলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই সবজি বাগানের মালিক কৃষক কবির হোসেন বাদি হয়ে বখাটেদের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার বিকালে সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে।

সোনারগাঁও থানায় দায়ের করা অভিযোগ পত্রে কৃষক কবির হোসেন উল্লেখ করেন, তিনি সোনারগাঁও পৌরসভার উত্তর ষোলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে দুই বিঘার পুকুরসহ প্রায় ৪ বিঘা জমি বর্গা নিয়ে লাউগাছ, লিচু বাগান ও অন্যান্য ফসল চাষ করে আসছেন।

প্রতিদিন ওই পুকুরে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নারীরা গোসলসহ অন্যান্য কাজকর্ম করেন।

নারীদের গোসলের সময় স্থানীয় বখাটে আনোয়ার হোসেনের ছেলে মো. নাহিদের নেতৃত্বে মোবারক, আবু তাহের, সোহেল, শুভ, পাপ্পুসহ ১০/১৫ জন বখাটে পুকুর পাড়ে লিচু বাগানে মাদক ব্যবসা ও সেবন করে বিভিন্নভাবে ঐ নারীদের উত্ত্যক্ত করে। তাদের এ অপকর্মে বাধা দেন কবির হোসেন।

এতে ক্ষিপ্ত হয়ে ঐ বখাটেরা গতকাল বৃহস্পতিবার সকালে তার দুই বিঘা জমির লাউ গাছসহ অন্যান্য গাছ কেটে ফেলে। লাউও নিয়ে যায়। এতে তার প্রায় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

সোনারগাঁও থানার ওসি মো. মোরশেদ আলম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পাপ্পু মিয়া নামের একজনকে আটক করা হয়েছে।

Share this post

Join the conversation