হুমায়ূন আহমেদকে মাথায় নিয়ে ডুব দেখতে যাবেন না
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে মাথায় নিয়ে 'ডুব' দেখতে না যাওয়ার জন্য দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন ছবিটির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। ভারতের জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন। দীর্ঘ সাক্ষাৎকারের এক পর্যায়ে একটি প্রশ্নের জবাবে ফারুকী বলেন, এই ছবিটি (ডুব) দেখতে আসার আগে হুমায়ূন আহমেদকে মাথা থেকে সরিয়ে ফেলুন। দেখার পর যদি কিছু মনে হয় তাতে...
প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে মাথায় নিয়ে 'ডুব' দেখতে না যাওয়ার জন্য দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন ছবিটির নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।
ভারতের জনপ্রিয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমনটাই জানিয়েছেন।
দীর্ঘ সাক্ষাৎকারের এক পর্যায়ে একটি প্রশ্নের জবাবে ফারুকী বলেন, এই ছবিটি (ডুব) দেখতে আসার আগে হুমায়ূন আহমেদকে মাথা থেকে সরিয়ে ফেলুন।
দেখার পর যদি কিছু মনে হয় তাতে আমার কিছু করার নেই। কিন্তু হুমায়ূন আহমেদকে মাথায় করে ‘ডুব’ দেখতে এলে অনেক কিছু মিস করবেন।
অনেক নীরব মুহূর্ত মিস করবেন, অনেক অসহায়ত্ব মিস করবেন।
ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, পরিচালক এবং প্রযোজক অরিন্দম শীল ‘ডুব’ এর অনুভূতি
এদিকে ২৮ অক্টোবর বিকালের দিকে ‘ডুব’ দেখার পর ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, পরিচালক এবং প্রযোজক অরিন্দম শীল ‘ডুব’ নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের অনুভূতি ব্যক্ত করে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেটি পাঠকদের জন্য তুলে ধরা হলো-
‘কাল রাতে ‘ডুব’ সিনেমাটা দেখলাম স্টার সিনেপ্লেক্সে হল ভরা দর্শকের সাথে। ছবিটা আমার হৃদয়কে স্পর্শ করেছে। সিনেমা সবসময় দেখা উচিত খোলা হৃদয় এবং মন নিয়ে। ছবিটা যখন দেখছিলাম এটা কারো জীবনের সাথে মিললো কিংবা মিললো না সেটা কখনই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেনি।’
‘আমি জীবন দেখছিলাম। আমি একটা সিনেমা দেখছিলাম। যে সিনেমায় অজস্র ছোট ছোট মুহূর্ত আছে। আমি একটা ছবি দেখছিলাম যেটা দেখে ইরানী ছবি দ্বারা অনুপ্রাণিত মনে হয়েছে।
যেই ছবিটার দারুন একটা ব্যাকগ্রাউন্ড স্কোর আছে, দারুন ক্যামেরার কাজ আছে, অসাধারন সব সিনেমাটিক ফ্রেম আছে এবং সব মিলিয়ে দারুন একটা প্রোডাকশন ডিজাইন আছে।’
‘আমি মনে করি এই ছবিটা বাংলাদেশের সিনেমার জন্য খুবই গুরুত্বপূর্ন ছবি। কারন এই ছবিটা বাংলাদেশের সিনেমাকে কয়েক ধাপ উপরে নিয়ে গেছে। মোস্তফা সরয়ার ফারুকী বাংলাদেশের সিনেমাকে পৃথিবীর মানচিত্রে উপস্থাপন করেছে। তাকে আমি কুর্নিশ জানাই।’
‘বাংলাদেশের মানুষ এই ফিল্ম মেকারকে তার প্রাপ্য জায়গাটা তাদের হৃদয়ে দিবে এটাই আমি প্রত্যাশা করি। তিশা, ইরফান,পার্নো দারুন অভিনয় করেছে। ইরফানের দারুণ অভিনয়ের কাছে তার ডায়ালগটির প্রশ্ন আমার কাছে কম গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।’
গত ২৬ অক্টোবর সন্ধ্যায় ভারতের কলকাতার কোয়েস্ট মল আইনক্সে অনুষ্ঠিত হয় মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘ডুব’ এর আনুষ্ঠানিক উদ্বোধনী প্রদর্শনী।
বাংলাদেশের ৩৯টি, ভারতের ৩৪টি ও অস্ট্রেলিয়ার ৮টিসহ মোট ৮১টি প্রেক্ষাগৃহে ‘ডুব’ মুক্তি পেয়েছে। ‘ডুব’ রাশিয়ার ৩৯তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কমেট সান জুরি প্রাইজ’ পেয়েছে।
বাংলাদেশ থেকে ছবিটি প্রযোজনা করেছে জাজ মাল্টিমিডিয়া ও ভারত থেকে প্রযোজনা করেছে এসকে মুভিজ। ছবির সহপ্রযোজক ইরফান খান।
বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া ছাড়াও শিগগিরই আমেরিকা, ফ্রান্স, সিঙ্গাপুর, মালয়েশিয়াতেও ছবিটি মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে জাজ মাল্টিমিডিয়া কর্তৃপক্ষ।
‘ডুব’ ছবিতে অভিনয় করেছেন বলিউডের অভিনেতা ইরফান খান ও কলকাতার পার্নো মিত্র, বাংলাদেশের নুসরাত ইমরোজ তিশা ও রোকেয়া প্রাচীসহ আরও অনেকেই।
