সৌদির সঙ্গে হজ চুক্তি ৯ জানুয়ারি
চলতি বছর হজ পালনে সৌদি সরকারের সঙ্গে বাংলাদেশের ‘হজ চুক্তি’ হবে আগামী ৯ জানুয়ারি। চুক্তি অনুযায়ী, বহাল হতে পারে আগের কোটা। আগের কোটা বহাল হলে এবার বাংলাদেশ থেকে স্বাভাবিক সময়ের মতো এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের জন্য সৌদি আরব যেতে পারবেন। ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন সাংবাদিকদের এতথ্য জানান।
তিনি বলেন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল আগামী ৭ জানুয়ারি সন্ধ্যায় সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। প্রতিনিধি দলের আগামী ১৫ জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে।
ধর্ম মন্ত্রণালয় থেকে জানা গেছে, প্রতিনিধি দলে মন্ত্রণালয়ের হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. মতিউল ইসলাম এবং হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম থাকবেন। এছাড়া সৌদি আরব থেকে সেখানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, হজ কাউন্সিলর, কনসাল জেনারেল প্রতিনিধি দলে যুক্ত হবেন।
হজ চুক্তিতে বাংলাদেশের পক্ষে ফরিদুল হক খান এবং সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ সই করবেন। বাংলাদেশের প্রতিনিধি দলটি সৌদি আরবের হজ ও ওমরা কনফারেন্স এবং এক্সিবিশনেও অংশ নেবেন।

Join the conversation