04:46:23 am
Saturday, August 22
প্রতিকি ছবি

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে ৪০টি কম্পিউটারের যন্ত্রাংশ চুরি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) পরিসংখ্যান বিভাগ থেকে ৪০টি কম্পিউটারের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে।

আজ এ ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ জানায়। কম্পিউটারের যন্ত্রাংশ চুরির কারণে ২০ লক্ষাধিক টাকার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের পরিসংখ্যান বিভাগের ল্যাবরেটরী থেকে ৩৯টি এবং বিভাগীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে ১টি, মোট ৪০টি কম্পিউটারের যন্ত্রাংশ কে বা কারা চুরি করে নিয়ে যায়।

কম্পিউটারগুলো থেকে প্রসেসর, হার্ডডিস্ক ও র‌্যামসহ অন্যান্য মূল্যবান যন্ত্রাংশ চুরি করা হয়।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা জানান, কম্পিউটারের যন্ত্রাংশ চুরির কারণে তাদের ব্যবহারিক ক্লাস বাধাগ্রস্থ হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমি সকাল পৌনে ৮টায় অধ্যাপক মিজানুর রহমানসহ ঘটনাস্থল পরিদর্শন করেছি। আমরা পুলিশকে জানিয়েছি, তারাও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খালিদ হোসেন জানান, রবিবার এ ব্যাপারে বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সফিউল আলম এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

তিনি আরও বলেন, তদন্ত কমিটি গঠন করে দোষী ব্যক্তিকে চিহ্নিত করে প্রচলিত আইনের মাধ্যমে শাস্তির ব্যবস্থা করা হবে ।

Share this post

Join the conversation