02:40:19 am
Friday, August 21
ফাইল ছবি

কাতারে ব্যবসার শতভাগ মালিকানা পাবে বিদেশিরা

কাতারে বিনিয়োগ করলে এখন থেকে বিদেশিরা তাদের ব্যবসায় পূর্ণ মালিকানা পাবে। কাতার সরকারের পক্ষ থেকে জানানো হয়, অর্থনীতির বেশির ভাগ খাতেই বিদেশিদের ব্যবসায় শতভাগ মালিকানা দিয়ে একটি আইন অনুমোদন হয়েছে।

জ্বালানির বাইরে অর্থনৈতিক আয়ে বৈচিত্র্য আনতে এটি কাতারের অন্যতম একটি পদক্ষেপ।

সৌদি আরবসহ উপসাগরীয় কয়েকটি দেশ কর্তৃক কাতার যখন অর্থনৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিকভাবে একঘরে তখন নিজেদের অর্থনীতিকে শক্তিশালী করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে কাতার।

দেশটি পর্যটক বাড়াতে ভিসা পদ্ধতিও সহজ করেছে। সাত মাস ধরেই প্রতিবেশীদের দ্বারা অবরুদ্ধ কাতার। কাতারের অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, অর্থনীতির প্রায় সব খাতেই বিদেশি বিনিয়োগকারীরা পুরোপুরি মালিকানা পাবে ব্যবসার।

তবে কোনো রিয়েল এস্টেট ক্রয় বা ফ্র্যাঞ্চাইজের মালিকানা নিতে পারবে না। ব্যাংক ও বীমা খাতে বিনিয়োগে বিদেশিদের সরকারের কাছ থেকে বিশেষ অনুমতি নিতে হবে।

২০১৪ সালের আইন অনুযায়ী বর্তমানে বিদেশি বিনিয়োগকারীরা কাতার স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কম্পানির ৪৯ শতাংশ মালিকানা নিতে পারে।

নতুন আইন গত বুধবার দেশটির মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠকে অনুমোদিত হয়। তবে নতুন এ আইন কবে থেকে কার্যকর তা এখনো বলা হয়নি।

অবরোধের পর থেকেই কাতার তাদের বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে বাণিজ্য আরো বাড়াচ্ছে, সেই সঙ্গে বিদেশিদের জন্য দেশের অর্থনীতি খুলে দিচ্ছে। গ্যাসসমৃদ্ধ কাতারের জনগণের মাথাপিছু বার্ষিক আয় ১ লাখ ৩৮ হাজার ৪৮০ ডলার, যা বিশ্বের অন্যতম বৃহৎ।

২০১৬ সালে দেশটির অর্থনীতিতে প্রবৃদ্ধি আসে ২.৭ শতাংশ। কাতার বিশ্বের শীর্ষ তরলায়িত প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী ও রপ্তানিকারক দেশ। সাম্প্রতিক সময়ে দেশটি যুক্তরাজ্যে প্রায় ৪০ বিলিয়ন পাউন্ড বিনিয়োগ করেছে। এএফপি।

Share this post

Join the conversation