সমালোচনার মুখে প্রিন্স হ্যারি
ব্রিটিশ রাজা চার্লস ও প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি তার লেখা স্মৃতিগ্রন্থ ‘স্পেয়ার’-এ আফগান যুদ্ধে ২৫ তালেবানকে হত্যা করার কথা জানিয়েছেন এবং এই হত্যাকে ‘দাবার বোর্ড থেকে ঘুঁটি সরিয়ে দেওয়া’র সঙ্গে তুলনা করেছেন।
ব্রিটিশ রাজা চার্লস ও প্রয়াত প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি তার লেখা স্মৃতিগ্রন্থ ‘স্পেয়ার’-এ আফগান যুদ্ধে ২৫ তালেবানকে হত্যা করার কথা জানিয়েছেন এবং এই হত্যাকে ‘দাবার বোর্ড থেকে ঘুঁটি সরিয়ে দেওয়া’র সঙ্গে তুলনা করেছেন। সাবেক ব্রিটিশ সামরিক কর্মকর্তা কর্নেল রিচার্ড কেম্প বিবিসিকে বলেছেন, প্রিন্স হ্যারির এমন মন্তব্য সুবিবেচনাপ্রসূত নয়। এর ফলে প্রিন্স হ্যারির নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হতে পারে এবং মানুষজন প্রতিশোধ নিতে প্ররোচিত হতে পারে। তালেবানের পক্ষ থেকেও এই মন্তব্যের নিন্দা করা হয়েছে।
ব্রিটিশ সেনাবাহিনীতে থাকার সময় আফগানিস্তানে কিছু সময়ের জন্য ফরোয়ার্ড এয়ার কন্ট্রোলার এবং পরে অ্যাপাচি হেলিকপ্টারের পাইলট ছিলেন হ্যারি। সেই সময়কার ঘটনাবলি সবিস্তারে স্মৃতিকথা ‘স্পেয়ার’- এ লিখেছেন তিনি। বিবিসি বইটির একটি কপি হাতে পেয়েছে। বইটিতে হ্যারি প্রথমবারের মতো আফগানিস্তানে ২৫ তালেবান যোদ্ধাকে হত্যা করার কথা প্রকাশ করেছেন। তিনি লিখেন, এটি গর্ব করার মতো কোনো পরিসংখ্যান নয়, আবার আমি এতে লজ্জিতও নই। যুদ্ধের উত্তাপ আর বিভ্রান্তির মধ্যে আমি ওই ২৫ জনকে মানুষ বলে মনে করিনি। আপনি মানুষকে মানুষ বলে মনে করলে তাদেরকে মারতে পারবেন না। সত্য কথা বলতে, মানুষকে মানুষ মনে করলে তাদেরকে আঘাতও করতে পারবেন না। তারা ছিল দাবার বোর্ড থেকে সরিয়ে দেওয়া ঘুঁটির মতো, কিছু খারাপ লোককে সরিয়ে দেওয়া-যাতে তারা ভালো মানুষদেরকে হত্যা করতে না পারে।
হ্যারির এমন মন্তব্যে তালেবানের ঊর্ধ্বতন নেতা আনাস হাক্কানি এক টুইটে লিখেছেন, ‘জনাব হ্যারি! আপনি যাদেরকে মেরেছেন তারা দাবার ঘুঁটি নয়, তারা মানুষ ছিল। তাদের পরিবার আছে, যারা তাদের ফিরে আসার অপেক্ষায় আছে। আপনাকে (আন্তর্জাতিক অপরাধ আদালত) তলব করবে কিংবা মানবাধিকার কর্মীরা আপনার নিন্দা করবে বলে আমি আশা করি না। কারণ, তারা আপনার জন্য অন্ধ এবং বধির।’
ব্রিটিশ কর্নেল কেম্প ২০০৩ সালে আফগানিস্তানে ব্রিটিশ বাহিনীর কমান্ডার ছিলেন। তিনি বলেন, প্রিন্স হ্যারি যেভাবে তালেবানকে দাবার ঘুঁটি বলে বর্ণনা করেছেন, তাতে মনে হতে পারে যে, ব্রিটিশ সেনাবাহিনী তাদেরকে মানুষের চেয়ে অধম বলে মনে করে কিংবা মামুলি দাবার ঘুঁটি বলে জ্ঞান করে।
- Tags:
- প্রিন্স হ্যারি
