ডায়ালাইসিস করা অবস্থায় নামাজের বিধান
জিজ্ঞাসা: আমার পিতার উভয় কিডনি নষ্ট হয়ে গেছে। সপ্তাহে দুবার ডায়ালাইসিস করতে হয়। ডায়ালাইসিসের জন্য অনেক সময় লাগে। সিরিয়াল লেগে থাকে। ডাক্তার যে সময় দেন সে সময়ই করতে হয়। কোনো কোনো সময় মাগরিবের কিছু আগে শুরু হয়। একেবারে এশার সময় শেষ হয়। কিংবা আসরের আগে শুরু হয় মাগরিবে শেষ হয়। জানার বিষয় হলো, ডায়ালাইসিস চলাকালীন তিনি নামাজ পড়বেন, নাকি পরে কাজা করে নেবেন। ডায়ালাইসিস চলাকালীন শুয়ে থাকতে হয়। কেবলা ঠিক থাকে না। অজু করাও সম্ভব নয়। তবে তায়াম্মুম করা যায়। একদিক দিয়ে শরীরের রক্ত বের করা হয়। আর অন্যদিক দিয়ে রক্ত প্রবেশ করানো হয়। তার নামাজের হুকুম সবিস্তারে জানাবেন।
রফিকুল ইসলাম ঝালকাঠি
জবাব: এ ধরনের পরিস্থিতিতে মানুষকে মাজুর ধরা হয়। তবে মাজুর ব্যক্তির নামাজ কাজা করার সুযোগ নেই। যথাসম্ভব নামাজ পড়ার চেষ্টা করতে হবে। ডায়ালাইসিস চলা অবস্থায় নামাজ কাজা হয়ে যাওয়ার আশঙ্কা হলে তায়াম্মুম করে শুয়ে যেদিকে ফিরে সম্ভব নামাজ পড়ে নেওয়ার চেষ্টা করা। অসুস্থ অবস্থায় যেভাবে সম্ভব নামাজ পড়ে নিলে তা আদায় হয়ে যায়। পরবর্তী সময়ে তার কাজা করতে হবে না। (বাদায়েউস সানায়ে : ১/২৮৪; আলবাহরুর রায়েক : ১/২৮৬; আদ্দুররুল মুখতার : ১/২৩৩)
- Tags:
- নামাজের বিধান
- ইসলামের আলো

Join the conversation