11:27:47 pm
Monday, August 24
পাঁচ দফা দাবিতে অবরুদ্ধ বশেমুরবিপ্রবি উপাচার্য

পাঁচ দফা দাবিতে অবরুদ্ধ বশেমুরবিপ্রবি উপাচার্য

পাঁচ দফা দাবিতে অবরুদ্ধ গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য একিউএম মাহবুব। সোমবার (১৪ নভেম্বর) দুপুরে উপাচার্যের কক্ষের সামনের গেটে তালা লাগিয়ে দেন বশেমুরবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক-কর্মচারীরা।

আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা জানান, বশেমুরবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজে ১৯ জন শিক্ষক ও ৪ জন কর্মচারী রয়েছে। তারা ৩ বছর ধরে কোনো বেতন পান না। বেতন না পাওয়ায় পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের। এ নিয়ে একাধিকার কথা বললেও কার্যকর কোন কিছু হয়নি। এসময় চাকরী স্থায়ীকরণ, বকেয়া বেতন পরিশোধ, আগে যে ভবনে ক্লাস করা হতো সেই ভবনে ফেরত যাওয়া, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা পুনরায় চালু করা এবং প্রতিষ্ঠানে স্থায়ী অধ্যক্ষ নিয়োগের দাবি তুলে ধরেন।

বশেমুরবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আলিয়া বেগম বলেন, বশেমুরবিপ্রবি স্কুল অ্যান্ড কলেজ নাকি ভেঙে দেওয়া হবে। এখনও পর্যন্ত আমাদের চাকরী স্থায়ীকরণ হয়নি। চাকরী স্থায়ীকরণসহ পাঁচ দফা দাবিতে উপাচার্যের কক্ষে তালা লাগানো হয়েছে। দাবী আদায় না হওয়া পর্যন্ত তালা খুলব না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান থাকতে হলে অবশ্যই সেটার অনুমোদন থাকতে হবে, যা এই প্রতিষ্ঠানের নেই। এছাড়া বঙ্গবন্ধুর নাম ব্যবহার করে কোনো প্রতিষ্ঠান করতে হলে বঙ্গবন্ধু ট্রাস্ট থেকে অনুমোদন নিতে হয়। এই শিক্ষাপ্রতিষ্ঠানের সে রকম কোনো অনুমোদন ছিল না বিধায় রিজেন্ট বোর্ড থেকেও বাদ দেওয়া হয়েছিল।

উপাচার্য অবরুদ্ধের বিষয়ে কামরুজ্জামান বলেন, প্রতিটা জিনিসের একটা পদ্ধতি আছে এবং সেই পদ্ধতি অনুযায়ী এগোতে হবে। আজ তারা হুট করে এসেই উপাচার্য স্যারের কক্ষের সামনে তালা লাগিয়ে দিয়েছেন। এটা কোনো সমাধান নয়। সমাধান করতে হলে আলোচনা করতে হবে।

Share this post

Join the conversation