11:27:26 pm
Monday, August 24
সড়ক দুর্ঘটনায় নিহত মারাঠি টেলিভিশন অভিনেত্রী কল্যাণী কুরাল যাদব।

সড়ক দুর্ঘটনায় মারাঠি অভিনেত্রীর মৃত্যু

সড়ক দুর্ঘটনায় মারা গেছেন মারাঠি টেলিভিশন অভিনেত্রী কল্যাণী কুরাল যাদব। শনিবার (১২ নভেম্বর) রাতে মহারাষ্ট্রের কোলহাপুরের কাছে সাংলি-কোলাপুর রোডে এই দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমে বলা হয়, কোলহাপুর শহর থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত হালোন্ডির কাছে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। সেখানে একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় কল্যাণীর বাইকের। এ সময় বাইক থেকে ছিটকে পড়লে ট্রাক্টরের চাকায় পিষ্ট হন অভিনেত্রী।

পুলিশ সূত্রের খবর, কোলহাপুরের রাজারামপুরীর বাসিন্দা কল্যাণী। হালোন্ডিতে একটি রেস্তোরাঁ খুলেছিলেন তিনি। রেস্তোরাঁ থেকে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন অভিনেত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর দ্রুত জখম অভিনেত্রীকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

ইতোমধ্যে ওই ট্রাক্টরের চালককে আটক করেছে পুলিশ। দায়ের হয়েছে এফআইআর। ভারতীয় দণ্ডবিধি ও মোটর ভেহিক্যালস আইনের ধারায় মামলা রুজু করা হয়েছে ট্রাক্টরের চালকের নামে।

‘তুজ্যত জীব রঙ্গালা’, ‘দাকখানছা রাজা জ্যোতিবা’র মতো জনপ্রিয় ধারাবাহিকে দেখা গেছে কল্যাণীকে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে মরাঠি টেলিভিশন ইন্ডাস্ট্রিতে।

Share this post

Join the conversation