ব্রাজিলে সরকারি ভবনে তাণ্ডব, গ্রেফতার ১৫০০
ব্রাজিলে দাঙ্গার ঘটনায় এখন পর্যন্ত ১৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী ফ্লাভিও ডিনো। তাছাড়া প্রেসিডেন্ট ভবন, কংগ্রেস ও সুপ্রিম কোর্ট এলাকার পরিস্থিতিও এখন নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এরই মধ্যে এসব স্থান
ব্রাজিলে দাঙ্গার ঘটনায় এখন পর্যন্ত ১৫০০ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির বিচারমন্ত্রী ফ্লাভিও ডিনো। তাছাড়া প্রেসিডেন্ট ভবন, কংগ্রেস ও সুপ্রিম কোর্ট এলাকার পরিস্থিতিও এখন নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এরই মধ্যে এসব স্থান থেকে বলসোনারোর সমর্থকদের সরিয়ে দিতে সক্ষম হয়েছে। খবর বিবিসির।
প্রেসিডেন্ট হিসেবে লুইজ ইনাসিও লুলা দা সিলভার দায়িত্ব গ্রহণের প্রায় এক সপ্তাহের মাথায় ব্রাজিলে দাঙ্গার ঘটনা ঘটে। রোববার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানী ব্রাসিলিয়ায় পার্লামেন্ট ভবন, সুপ্রিম কোর্ট ও প্রেসিডেন্টের প্রাসাদে আক্রমণ চালায় সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোর সমর্থকরা।
তারা ভবনের জানালা ও আসবাবপত্রে ভাঙচুর চালায় এবং সংবিধানের মূল কপি চুরি করে। প্রেসিডেন্টের নিরাপত্তা দফতর থেকে অস্ত্রও ছিনিয়ে নেয়া হয়। এ দাঙ্গাকে ব্রাজিলে চার দশকে গণতন্ত্র ফিরে আসার পর সবচেয়ে সহিংস দাঙ্গা হিসেবে দেখা হচ্ছে। এ দাঙ্গার ঘটনার তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। দাঙ্গা ছড়ানোর জন্য দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট লুলা দা সিলভা।
রাজধানী ব্রাসিলিয়ার নিরাপত্তায় ত্রুটির জন্য গভর্নরকে ৯০ দিনের জন্য অপসারণ করেছে দেশটির সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে অভ্যুত্থানে উসকানি দেয়া প্রোপাগান্ডা ছড়ানো বন্ধ করার নির্দেশ দেয়া হয়েছে ফেসবুক, টুইটার ও টিকটককে।
বলসোনারোর বিরুদ্ধে ভোট জালিয়াতি নিয়ে ভিত্তিহীন অভিযোগের পর সমর্থকদের দাঙ্গায় উসকানি দেয়ার অভিযোগ করেছেন প্রেসিডেন্ট লুলা। তবে ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার ৪৮ ঘণ্টা আগেই যুক্তরাষ্ট্রে পাড়ি দেয়া বলসোনারো এ অভিযোগ প্রত্যাখ্যান করে দিয়েছেন।
দাঙ্গাকারীদের ‘ফ্যাসিস্ট’ অভিহিত করে প্রেসিডেন্ট লুলা বলেছেন, বলসোনারোর ঘনিষ্ঠজন ও গভর্নর ইবানেইস রোচার অধীনে থাকা স্থানীয় মিলিটারি পুলিশ আন্দোলনকারীদের থামাতে কিছুই করেনি। হামলায় নেতৃত্ব দানকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
রাজধানীর নিরাপত্তা বাহিনী কীভাবে কয়েকদিন আগেই সামাজিক মাধ্যমে ঘোষিত এ হামলা সামাল দিতে হিমশিম খেলো সে নিয়ে প্রশ্ন তুলেছেন লুলার সমর্থকরা। এক টুইটবার্তায় তিনি বলেন, শান্তিপূর্ণ বিক্ষোভ গণতান্ত্রিকতবে সরকারি ভবনে হামলা \'সীমা অতিক্রম করে গেছে\'।
এদিকে এ দাঙ্গার ঘটনাকে অনেকেই দুই বছর আগের মার্কিন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের হামলার সঙ্গে তুলনা করেছেন। ব্রাজিলের এ ঘটনার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোসহ বিশ্বনেতারা।
