03:49:27 pm
Wednesday, August 26

প্রেমের পর বিয়ে না মানায় বিষপান, সংসার হলো না রুপা-ইমনের

নাটোরের গুরুদাসপুরে প্রেমিক যুগল একসঙ্গে বিষপান করার ঘটনা ঘটেছে। প্রেমিক ইমনের (১৮) অবস্থা আশঙ্কাজনক হলেও মারা গেছেন প্রেমিকা রুপা (১৫)। সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে।

আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়া হয়েছে প্রেমিক ইমনকে। প্রেমিকার লাশ ময়নাতদন্তের জন্য গুরুদাসপুর থানার মাধ্যমে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।

পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার খুবজীপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী রুপা খাতুনের সঙ্গে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার হায়দারাবাদ গ্রামের ইমনের মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ৬ মাস ধরে চলছিল হৃদয়ঘটিত সম্পর্ক। রোববার প্রেমিক ইমন গোপনে প্রেমিকা রুপার সঙ্গে দেখা করার পর বিয়েও করেন তারা।

পরে ইমন বিয়ের বিষয়টি রুপার পরিবারে জানালে তারা ওই বিয়ে মেনে না নিলে অভিমানে দুজনই কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। দুজনকেই আশঙ্কাজনক অবস্থায় গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রেমিকা রুপার মৃত্যু হয়।

কর্তব্যরত চিকিৎসক দিল শামিমা আফরোজ আরশি জানান, বিকালে বিষপান করা অবস্থায় আশঙ্কাজনক দুজনকে হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় তরুণীর মৃত্যু হয়। পরে ইমনের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে পাঠানো হয়েছে।

গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান জানান, আত্মহত্যার ঘটনায় কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে।

Share this post

Join the conversation