তেঁতুলিয়ায় তাপমাত্রা কমে ৬.২ ডিগ্রি সেলসিয়াস
হঠাৎ করেই সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত জনজীবন। দেশের উত্তরাঞ্চলে শীতের এ তীব্রতা যেনো আরও বেশি।
হঠাৎ করেই সারা দেশে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর মৃদু শৈত্যপ্রবাহের কারণে বিপর্যস্ত জনজীবন। দেশের উত্তরাঞ্চলে শীতের এ তীব্রতা যেনো আরও বেশি। বুধবার (১৮ জানুয়ারি) সকালে দেশের উত্তরাঞ্চলের সর্বশেষ উপজেলা তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
এ দিকে তীব্র শীতে দুর্ভোগে পড়েছে নিম্ন আয়ের ও শ্রমজীবী মানুষ। হাড় কাঁপানো শীত উপেক্ষা করে জীবিকার তাগিদে কাজের সন্ধানে ছুটে চলছেন তারা। অনেকে আবার রাস্তার পাশে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেছেন। সকাল থেকে ঘন কুয়াশা থাকায় সড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহনগুলোকে চলাচল করতে দেখা গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ জানান, গত কয়েকদিন ধরে তেঁতুলিয়ায় তাপমাত্রা উঠানামা করছে। বুধবার (১৮ জানুয়ারি) সকাল ৬টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৬.২ ডিগ্রি সেলসিয়াস।
বুধবার সকাল নয়টায় আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও উত্তর-পশ্চিমাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। রংপুর, রাজশাহী বিভাগসহ চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, আবহাওয়া অধিদপ্তরের ৬০–এর বেশি স্টেশনের উপাত্ত অনুযায়ী, দেশের প্রায় প্রতিটি স্টেশনে তাপমাত্রা কমেছে। দেশের ৮০ ভাগ এলাকায় তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমেছে। এ ধারা অব্যাহত থাকবে। তবে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এর পর থেকে আবার কিছুটা কমবে। শনিবার পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে। এর পর থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। দেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে আকাশ মেঘলা থাকতে পারে। এসব এলাকায় সামান্য বৃষ্টিও হতে পারে।
