মুক্তি পেল ‘হডসনের বন্দুক’
মুক্তি পেল সরকারি অনুদানের সিনেমা ‘হডসনের বন্দুক’। প্রশান্ত অধিকারী পরিচালিত চলচ্চিত্রটি শুক্রবার (২ ডিসেম্বর) ঢাকা ও ঢাকার বাইরের ১০টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের গল্প অবলম্বনে নির্মিত এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ ও লুৎফর রহমান জর্জ। সিনেমার চিত্রনাট্য লিখেছেন প্রশান্ত অধিকারী ও রিয়েল আকঞ্জি, চিত্রগ্রাহক মোহাম্মদ আরিফুজ্জামান ও সাহিল রনি।
প্রশান্ত অধিকারী বলেন, ‘হডসনের বন্দুক আমার দীর্ঘ দিনের পরিশ্রমের ফসল। চেষ্টা করেছি মানসম্মত একটি সিনেমা নির্মাণের। সিনেমাটি মুক্তির তারিখ ঘোষণা করতে পেরে আমার খুব ভালো লাগছে। সবাইকে সিনেমাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’
পরিচালক জানান, প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে গোয়েন্দা আবহের গল্পে নির্মিত সিনেমাতে তিনটি গান ব্যবহৃত হয়েছে। যা পর্যায়ক্রমে অনলাইনে প্রকাশ করা হবে। ঢাকা, মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, শ্রীমঙ্গল, জাফলং ও দেশের বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং হয়েছে।
ছবিটির বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন মাজিদ শিখালিভ (রাশিয়া), এস. এম. মহসিন, কাজী উজ্জল, অর্নব অন্তুসহ অনেকে।
- Tags:
- হডসনের বন্দুক

Join the conversation