একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার: নজরুল ইসলাম খান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মানুষ এমনিতেই কষ্টে আছে। তারা আরো দুঃসময়ের ভয় পাচ্ছে। সেখানে সরকার একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। কদিন আগেই বিদ্যুতের দাম বাড়ালো। এখন আবারো গ্যাসের দাম বাড়িয়েছে। শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) উদ্যোগে পথশিশুদের মাঝে খাবার ও অসহায় নারীদের মাঝে শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিল্পখাতে গ্যাসের দাম বাড়িয়েছে। এর যোগান তো গরিব মানুষকেই দিতে হবে। অর্থাৎ জনগণের প্রতি সরকারের দায়িত্বহীনতা। তিনি বলেন, আজকে খাদ্য নিয়ে জাহাজ ঘুরছে তাদের টাকা পরিশোধ করতে পারেনি। মানুষের চাকরি হচ্ছে না। কর্মসংস্থান নেই। এরমধ্যেই গ্যাসের দাম বাড়িয়ে শিল্পখাতকে আরও বিপদে ফেলা হলো। সুতরাং বাংলাদেশ আরো কঠিন সংকটে পড়ার আগেই আমাদেরকে লড়াই করে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে।
জেডআরএফের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের জেডআরএফের ডা. আহমেদ শফিকুল হায়দার পারভেজ, অধ্যাপক ড. লুৎফর রহমান, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, অ্যাডভোকেট আবেদ রাজা, ডা. পারভেজ রেজা কাকন, প্রকৌশলী মাহবুব আলম, প্রকৌশলী মো. হানিফ, প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চু্ন্নু, কৃষিবিদ শফিউল আলম দিদার, প্রকৌশলী উমাশা উমায়ন মনি চৌধুরী, কৃষিবিদ কৃষিবিদ আবদুর রহমান নূরী, সানোয়ার আলম, অধ্যাপক ড. আবু জাফর, বিপ্লবুজ্জামান বিপ্লব, শামীমা রহিম, শফিকুল ইসলাম, প্রকৌশলী মেহেদী হাসান সোহেলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নজরুল ইসলাম খান বলেন, আজকে দেশ চরম দুঃসময় পার করছে। একটি অনির্বাচিত সরকার; যাদের দেশের জনগণের কাছে কোনো জবাবদিহিতা নেই। একদিকে কিছু লোক অর্থ লুট করে কোটিপতি বনে গেছে। অন্যদিকে কয়েক কোটি লোক দরিদ্র হয়েছে। শিশুরাও দরিদ্র হয়েছেন।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা প্রসঙ্গে তিনি বলেন, আজকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দী করা হয়েছে মিথ্যা মামলার রায়ে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও দেশে আসতে পারছেন না। আসলে যারা দরিদ্র মানুষকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন তাদেরকে কারাগারে আটক রেখে লুটেরাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। ক্ষমতাসীন দলের লোকদের বিদেশে কি পরিমাণ সম্পদ! একটি জেলার ছাত্রলীগের নেতা দুই হাজার কোটি টাকা পাচার করেছেন। এভাবে একটি দেশ চলতে পারেনা।
তিনি আরো বলেন, আমরা একটি বাসযোগ্য দেশ গড়ার লক্ষ্যে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। এজন্য আমাদের অসংখ্য নেতাকর্মী আজকে কারাগারে।
তিনি বলেন, আজকে সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিরা বলেন দুর্নীতির অভিযোগ করলেই হবে না। প্রমাণ দিতে হবে। তাহলে আপনাদের প্রতিষ্ঠান করে কি? আপনাদের লোক নাই? বিএনপির কর্মসূচি পালনের সময় তো ঠিকই ধরেন।
সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেন, প্রতিষ্ঠার পর থেকেই জিয়াউর রহমান ফাউন্ডেশন গরিব অসহায় মানুষের পাশে থেকে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছে। বিশেষ করে জেডআরএফের প্রেসিডেন্ট তারেক রহমানের নেতৃত্বে বিপদে আপদে ও প্রাকৃতিক দুর্যোগ যেমন- বন্যা, জলোচ্ছ্বাসের মতো সংকটকালে জিয়াউর রহমান ফাউন্ডেশন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আসছে। গরিব ও অসহায় মানুষের পাশে থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়ে থাকে। আজকেও প্রচন্ড শীতে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এভাবেই জেডআরএফ দেশ ও জনগণের জন্য কাজ করে যাচ্ছে। আগামীতেও সেবামূলক কাজ অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।

Join the conversation