04:51:11 am
Saturday, August 22

শীতে কাপছে শ্রীমঙ্গল, সর্বনিম্ন তাপমাত্রা ৫.৬ ডিগ্রি

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা সারা দেশের এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।  শুক্রবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এই তাপমাত্রা রেকর্ড করে। এর আগে বৃহস্পতিবার শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা নিচের দিকে থাকায় সকাল সকাল সূর্য উঠলেও অনেক বেলা পর্যন্ত কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে।

গত বুধবার থেকে হাড় কাঁপানো কনকনে ঠান্ডায় জবুথবু হয়ে পড়েছে চায়ের রাজ্ধানী শ্রীমঙ্গলের জনজীবন। সন্ধ্যার আগ থেকে পরদিন দুপুর পর্যন্ত হাড় কাঁপানো শীতে কষ্ট পাচ্ছে নিম্ন আয়ের খেতে খাওয়া মানুষেরা।

তবে এই শীতে শ্রীমঙ্গলে চা–বাগানের শ্রমিক ও নিম্ন আয়ের লোকজন বেশি কষ্ট পাচ্ছেন। এ বিষয়ে উপজেলার খাইছড়া চা–বাগানের শ্রমিক পুষ্প পাইনকা বলেন, বাগানে সবচেয়ে বেশি ঠান্ডা। রাতের বেলা চা–বাগানে ভীষণ শীত পড়ে। আমরা অনেক কষ্ট করে থাকি। বেসরকারিভাবে আমাদের এলাকায় কিছু মানুষ শীতের পোশাক পেয়েছে। সরকার থেকে দিলে বাকিরাও পেত। চা-শ্রমিকেরা শীত থেকে বাঁচতে আগুন পোহাচ্ছেন। 

শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, আজ শুক্রবার দেশের শ্রীমঙ্গলের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা বৃহস্পতিবার ছিল ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন ধরে শ্রীমঙ্গলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে।

Share this post

Join the conversation