02:54:52 pm
Tuesday, August 25

চট্টগ্রামে দুই বোনের মৃত্যু নিয়ে রহস্য

চট্টগ্রাম নগরে আপন দুই বোনের মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। ইপিজেড থানাধীন বন্দরটিলা আয়শার মার গলি এলাকার দুই বোনকে বৃহস্পতিবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর একজনকে মৃত ঘোষণা করা হয়। অন্যজন চিকিৎসাধীন রাতে অবস্থায় মারা গেছেন।

পুলিশ বলছে, গত বুধবার রাতে ঘুমানোর আগে ঘরে ছিটিয়ে দেওয়া ছারপোকা মারার ওষুধের বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মৃত দুই বোন হলেন— রহিমা আক্তার (২৪) ও ফজিলা আক্তার (১৬)। তাদের গ্রামের বাড়ি পিরোজপুরের মঠবাড়িয়ায়। বাবার নাম ইদ্রিস আলী। দুই বোনই তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।

তাদের মৃত্যুর কারণ খতিয়ে দেখার কথা জানিয়ে পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) মো. সাদিকুর রহমান জানান, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক ফজিলাকে মৃত ঘোষণা করেন। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রহিমা। ময়নাতদন্তের জন্য দুই বোনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। 

বড় বোন নাজমা আখতারের বরাত দিয়ে ইপিজেড থানার ওসি আবদুর রহিম জানান, বুধবার রাতে ঘুমানোর আগে ছারপোকা মারার ওষুধ ঘরে ছিটিয়ে দিয়ে দরজা-জানালা বন্ধ করে দুই বোন ঘুমিয়ে পড়েন। ভোরে তারা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রথমে তাদের স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ছারপোকার ওষুধ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওষুধের গ্যাসের প্রভাবেই তাদের মৃত্যু হয়েছে।

Share this post

Join the conversation