03:45:14 pm
Sunday, June 21

ভিসা জালিয়াত চক্র নিয়ে যুক্তরাষ্ট্র দূতাবাসের সতর্কতা

ভিসা জালিয়াত চক্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস শুক্রবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র দূতাবাসের সমন্বয়ে বাংলাদেশ পুলিশ ভিসা জালিয়াত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে।

ভিসা জালিয়াত চক্র সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস শুক্রবার জানিয়েছে, যুক্তরাষ্ট্র দূতাবাসের সমন্বয়ে বাংলাদেশ পুলিশ ভিসা জালিয়াত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে। যারা জালিয়াতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ভিসা বিক্রি করছিল। দূতাবাস বলছে, যুক্তরাষ্ট্রের ভিসা প্রার্থীদের জন্য দেশটির ওয়েবসাইটে দেওয়া তথ্য উত্তম গাইড হিসেবে কাজ করে। ভিসা ফরমে ভিসা প্রার্থী যেসব তথ্য পূরণ করবেন তার জন্য তিনি দায়বদ্ধ থাকবেন। তাই ভিসা পাওয়ার জন্য তৃতীয় পক্ষের দ্বারস্থ না হয়ে প্রার্থী নিজে চেষ্টা করা ভালো।
জানা গেছে, গত বুধবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতারণার মাধ্যমে মার্কিন ভিসা নিয়ে জালিয়াতির অভিযোগে চক্রের ৬ জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তারা বিপুল অঙ্কের অর্থের বিনিময়ে চুক্তি করে যুক্তরাষ্ট্রের ভিসা জালিয়াতি করে। দূতাবাস থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে ভুল তথ্য ও কাগজপত্র দেওয়া হলে ভিসা না দেওয়াসহ ভবিষ্যতে যুক্তরাষ্ট্র সফর অনিশ্চিত হবে বলে সাবধান করা হয়েছে। দূতাবাস থেকে ভিসার জন্য দালাল না ধরে নিজেই ফর্ম পূরণের জন্যও অনুরোধ করা হয়েছে। কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সেখানে যে তথ্য দেওয়া হবে সেটির জন্য ভিসা আবেদনকারী দায়ী থাকবেন।