03:59:34 pm
Tuesday, August 25

দাবির মুখে কোনো বিচারককে বদলি করা হবে না : আইনমন্ত্রী

বিচারক ও আইনজীবীদের আশ্বস্ত ও নির্ভয় দিয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা অপরাধ করেছেন তাদের বিচার হবে। যারা নির্দোষ তাদের ভয়ের কোনো কারণ নেই। কারও দাবির মুখে কোনো বিচারককে বদলি করা হবে না। এটা আমরা কিছুতেই করবো না। কারণ এতে ন্যায় বিচার ব্যাহত হবে।

ব্রাহ্মণবাড়িয়ায় বিচারাঙ্গনের সাম্প্রতিক ঘটনার মধ্যে শনিবার (২১ জানুয়ারি) এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, বিচারকদের সঙ্গে খারাপ আচরণ করলে আইনজীবী ক্ষতিগ্রস্ত না হলেও তার ক্লায়েন্ট ক্ষতিগ্রস্ত হন। কারণ বিচারকের হাতে কলম থাকে। এটা আইনজীবীদের মাথায় রাখতে হবে। এ কারণে বিচারকদের সঙ্গে ভালো ব্যবহার করতে হবে।

রাজধানীর বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে অতিরিক্ত জেলা জজদের এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী আনিসুল হক বলেন, আমার বড় পরিচয় আমি একজন আইনজীবী। আমি মনে করি একজন বিচারকের প্রতি সম্মানটা স্বাভাবিকভাবে আসা উচিত। বার ও বেঞ্চের ভালো সম্পর্ক ছাড়া সাধারণ মানুষ ন্যায় বিচার পায় না। সম্প্রতি বার ও বেঞ্চের মধ্যে কিছুটা অসহিষ্ণুতা লক্ষ্য করছি। এটা কাম্য নয়।

বিচারকদের উদ্দেশে মন্ত্রী বলেন, সমস্যা সমাধানে বিচারকদের বড় ভাইয়ের ভূমিকা পালন করতে হবে। তাহলে সমস্যা কমে আসবে। সমস্যা হলে তা ব্যক্তি পর্যায়ে সমাধানের ওপর গুরুত্বারোপ করেন আইনমন্ত্রী।

কর্মশালার উদ্বোধন শেষে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কোনও গুজবে কান দেবেন না। 

নির্বাচন সংক্রান্ত আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার সর্বোচ্চ আদালত অবৈধ ঘোষণা করেছে। তাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আর ফিরে আসার সুযোগ নেই। সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন হবে।

ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

Share this post

Join the conversation