বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রীর অনশন
সাতক্ষীরার তালায় বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। বিয়ের দাবিতে কনকনে শীত উপেক্ষা করে প্রেমিক রাসেল বাদশার (২২) বাড়িতে অনশনে বসেছে দশম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রী (১৬)। স্কুলছাত্রীর দাবি, তিনি দুই মাসের অন্তঃসত্ত্বা।
শুক্রবার সন্ধ্যায় তালা উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামে ঘটনাটি ঘটে। রাতে তালা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মেয়েকে উদ্ধার করে। এ ঘটনায় ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা রোকেয়া বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। পুলিশ প্রেমিক রাসেল বাদশাকে আটকের চেষ্টা করছে। অভিযুক্ত রাসেল বাদশা মাগুরাডাঙ্গা গ্রামের ইউপি সদস্য মইনুল ইসলামের ছেলে।
অনশনরত ওই ছাত্রী বলেন, ‘প্রায় এক বছর আগে থেকেই রাসেল বাদশা সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বর্তমানে তার দুই মাসের সন্তান আমার গর্ভে। আমাকে বিয়ে করবে বলে আশ্বাস দিয়ে বিয়ে করছে না। তাই তার বাড়িতে এসে উঠি। পরে পুলিশ আসলে বিষয়টি তাদের খুলে বলি। এ সময় পুলিশের সহযোগিতায় ওই যুবকের বিরুদ্ধে মামলা করা হয়।’
এ বিষয়ে ওই যুবকের পিতা মাগুরা ইউপি সদস্য মো. মইনুল ইসলাম জানান, ‘আমার ছেলে যদি দোষী হয় তা হলে তাদের বিয়ের ব্যবস্থা করা হবে।’
তালা থানার ওসি চৌধুরী রেজাউল করিম জানান, বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করার অভিযোগে ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা করে। আসামি রাসেল বাদশাকে আটকের চেষ্টা চলছে।

Join the conversation