05:05:34 pm
Tuesday, August 25

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে মুসলিম বিশ্বের ৫৬তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মাওলানা সা’দ কান্ধলভীর বড় ছেলে মাওলানা ইউসুফ কান্ধলভী আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে । মোনাজাতের আগে তিনি হেদায়েতি বয়ানও করবেন। বেলা ১১টার মধ্যে আখেরি মোনাজাত হবে। মোনাজাতে বাংলাদেশসহ সারা দুনিয়ার মানুষের সুখ, শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করা হবে বলে জানিয়েছেন ইজতেমা কর্তৃপক্ষ। 
দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে শনিবার টঙ্গীর ইজতেমা ময়দানে লাখ লাখ মুসল্লির উদ্দেশে চলে পবিত্র কুরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ান। আল্লাহর নৈকট্য লাভের আশায় লাখো মুসল্লি যোগ দিয়েছেন এবারের বিশ্ব ইজতেমায়। ইজতেমার দ্বিতীয় পর্বে শিল্পনগরী টঙ্গী ইতিমধ্যেই ধর্মীয় নগরীতে পরিণত হয়েছে। মহান আল্লাহ তায়ালার নৈকট্য লাভের ব্যাকুলতায় দ্বীনের দাওয়াতে মেহনত করার জন্য ইসলামের মর্মবাণী সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে ছুটে আসছেন টঙ্গীর তুরাগতীরে ইজতেমা ময়দানে। টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় আগত লাখ লাখ মুসল্লির পদভারে মুখরিত হয়ে উঠেছে। শনিবারও টঙ্গী অভিমুখী বাস, ট্রাক, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে ছিল মানুষের ভিড়। শনিবার সকালেই টঙ্গী শহর এবং ইজতেমাস্থল ও এর আশপাশ এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে। আজ আখেরি মোনাজাতের আগ পর্যন্ত মানুষের এ ঢল অব্যাহত থাকবে। ইতিমধ্যে ইজতেমা ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মূল প্যান্ডেলে স্থান না পেয়ে অনেক মুসল্লি নিজ উদ্যোগেই প্যান্ডেলের বাইরে পলিথিন সিট ও কাপড়ের সামিয়ানা টানিয়ে তাতেই অবস্থান নিয়েছেন।  
আখেরি মোনাজাত উপলক্ষে মুসল্লিদের সুবিধার্থে শনিবার  মধ্যরাত থেকে ওই এলাকায় যানবাহন চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে পুলিশ। আজ সন্ধ্যা পর্যন্ত এ বিধিনিষেধ বলবৎ থাকবে।

 
যারা বয়ান করলেন

শনিবার বাদ ফজর ভারতের হযরত মাওলানা ইয়াকুব জিলানীর বয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় দিনের কার্যক্রম। তিনি তাবলীগের ৬ উসুলের (মৌলিক বিষয়ে) ওপর বয়ান করেন। এ বয়ান বাংলায় তরজমা করেন বাংলাদেশের মাওলানা মনির বিন ইউসুফ। এরপর বাদ জোহর বয়ান করেন তুর্কির মাওলানা ওমর। বাদ আসর মাওলানা সা’দ কান্ধলভীর তৃতীয় ছেলে মাওলানা ইলিয়াস বিন সা’দ কান্ধলভী বয়ান করেন। তার বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা ওসামা ইসলাম। মাগরিবের নামাজের পর বয়ান করেন ভারতের মাওলানা আবদুস সাত্তার। এসময় তার বয়ান বাংলায় তরজমা করেন মাওলানা জিয়া বিন কাসিম।
যা বয়ান করলেন:  শনিবার বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনে দেশি-বিদেশি আগত মুরুব্বিগণ তাবলীগের ছয় উসুলের মধ্যে দাওয়াতে দ্বীনের মেহনতের ওপর গুরুত্বারোপ করে বয়ান করেন। 
বয়ানে তাবলীগ মুরুব্বিগণ বলেন, দুনিয়া হচ্ছে ধোঁকার ঘর, এ দুনিয়া হচ্ছে ধোঁকার জীবন। মিছে এই দুনিয়ার আরাম-আয়েশের কথা ভুলে গিয়ে আখেরাতের কথা চিন্তা কর। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, যতক্ষণ পর্যন্ত মানুষের দিল থেকে আসবাবের (সম্পদের) একিন বের না হবে ততক্ষণ পর্যন্ত তার দিলে কুদরতি একিন পয়দা হবে না। সবাইকে দ্বীনের জন্য মেহনত করতে হবে। আল্লাহর কাছে আমল ছাড়া এ দুনিয়ার জিন্দেগির কোনো মূল্য নেই। বয়ানে আরও বলা হয়, দীনের দাওয়াতের মাধ্যমে ঈমান মজবুত হয়। ঈমান মজবুত হলে আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক গড়ে ওঠে। আর এ সম্পর্ক গড়ে ওঠলে দুনিয়া ও আখেরাতে কামিয়াবি হাসিল হয়।  তাশকিলের কামরায় চিল্লাভুক্ত মুসল্লি :  ইজতেমার প্যান্ডেলের উত্তর-পশ্চিমে তাশকিলের কামরা স্থাপন করা হয়েছে। বিভিন্ন খিত্তা থেকে বিভিন্ন মেয়াদে চিল্লায় অংশ গ্রহণেচ্ছু মুসল্লিদের এ কামরায় আনা হচ্ছে এবং তালিকাভুক্ত করা হচ্ছে। পরে কাকরাইলের মসজিদের তাবলীগি মুরুব্বিদের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী এলাকা ভাগ করে তাদের দেশের বিভিন্ন এলাকায় তাবলীগি কাজে পাঠনো হবে। 
আজ আখেরি মোনাজাত: বিশ্ব ইজতেমার এ পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের সময়ও এগিয়ে আনা হয়েছে।  বেলা ১১টার মধ্যে আখেরি মোনাজাত করার সম্ভাবনা রয়েছে। মুসল্লিদের ভোগান্তি কমাতে পরামর্শ করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। আরও চার মুসল্লির মৃত্যু :  টঙ্গীতে এবারের বিশ্ব ইজতেমায় আসা আরও ৪ মুসল্লি মারা গেছেন। শুক্রবার  থেকে শনিবার সকাল পর্যন্ত বিভিন্ন সময়ে তারা মারা যান। এ নিয়ে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মোট ৫ মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন-ঢাকার কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকার বাসিন্দা আবদুল জব্বারের ছেলে আবদুল হান্নান (৪৫), গাইবান্ধার শুক্কুর ম-লের ছেলে আবদুল হামিদ ম-ল (৫৫), রাজধানীর গুলিস্তানের বঙ্গবাজার এলাকার ব্যবসায়ী বোরহান উদ্দিন (৪৮) ও ঢাকার সাভারের বাসিন্দা আবদুল আলীমের ছেলে মফিজুল ইসলাম (৫৪)।  
যৌতুকবিহীন বিয়ে:  বিশ্ব ইজতেমার মূল আকর্ষণ যৌতুকবিহীন বিয়ে। এবারের ইজতেমার প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বেও অনুষ্ঠিত হয়েছে। কনের সম্মতিতে ও তার অনুপস্থিতিতে দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে শনিবার বাদ আসর ইজতেমা ময়দানে বিয়ের এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। 
বিদেশি মুসল্লি: শনিবার দুপুর পর্যন্ত  বিশ্ব ইজতেমার প্রথম পর্বে বিশ্বের ৬০টি দেশের প্রায় ৬ হাজার বিদেশি মুসল্লি অংশ নেন। তা ছাড়া এ পর্বে দেশের ৬৪টি জেলার কয়েক লাখ মুসল্লিরা ইজতেমায় অংশ নিয়েছেন বলে জানিয়েছেন গাজীপুরে জেলা প্রশাসক মো. আনিসুর রহমান। 

Share this post

Join the conversation