10:34:23 am
Friday, August 21

বাইডেনের বাড়ি থেকে আরও ৬টি গোপনীয় নথি উদ্ধার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বাড়ি থেকে গোপনীয় আরও ৬টি নথি উদ্ধার করা হয়েছে। তার ডেলাওয়্যারের বাড়িতে ১৩ ঘণ্টা অনুসন্ধানের পর মার্কিন বিচার বিভাগের তদন্তকারীরা এসব গোপন নথি খুঁজে পান। প্রেসিডেন্ট জো বাইডেনের একজন আইনজীবীর বরাতে রোববার (২২ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার উইলমিংটনের বাড়ি থেকে জব্দ করা এসব নথির কিছু তার (বাইডেনের) সিনেটর থাকাকালীন এবং অন্যগুলো বারাক ওবামার অধীনে ভাইস-প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের দায়িত্বপালনের সময়ের।

আইনজীবী বব ​​বাউয়ার বলেন, ‘ব্যক্তিগতভাবে হাতে লেখা নোট’ এবং ‘এ সম্পর্কিত কিছু সামগ্রীও’ নিয়ে যাওয়া হয়েছে। অবশ্য গোপন এসব নথি জব্দের সময় প্রেসিডেন্ট বাইডেন এবং তার স্ত্রী সেখানে উপস্থিত ছিলেন না। স্থানীয় সময় শনিবার এক বিবৃতিতে বাউয়ার বলেছেন, ‘সম্ভাব্য ভাইস-প্রেসিডেন্সিয়াল রেকর্ড এবং সম্ভাব্য গোপন উপাদানের জন্য পুরো প্রাঙ্গনে অনুসন্ধান চালাতে  মার্কিন বিচার বিভাগকে অনুমতি দিয়েছেন’ প্রেসিডেন্ট জো বাইডেন।

হোয়াইট হাউস জানিয়েছে, সর্বশেষ ঘটনার আগে বাইডেনের আইনজীবীরা সাম্প্রতিক মাসগুলোতে চার দফায় গোপন নথি ও সরকারি রেকর্ডের সন্ধান পান। গত বছরের ২ নভেম্বর ওয়াশিংটনের পেন বাইডেন সেন্টারের দপ্তরে, এরপর গত ২০ ডিসেম্বর ডেলাওয়্যারের উইলমিংটনে প্রেসিডেন্টের বাসার গ্যারেজে চালানো অনুসন্ধানে এবং গত ১১ ও ১২ জানুয়ারি প্রেসিডেন্টের বাসার লাইব্রেরিতে আইনজীবীরা গোপন এসব নথির সন্ধান পান।

এরপর গত শুক্রবার টানা ১৩ ঘণ্টার অনুসন্ধানে আরও নথির সন্ধান পান মার্কিন বিচার বিভাগের তদন্তকারীরা। নথিগুলো খুঁজে পাওয়ার পর যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক এই প্রেসিডেন্ট বলেছিলেন, তার দল অবিলম্বে সেগুলো জাতীয় আর্কাইভস এবং বিচার বিভাগের কাছে হস্তান্তর করেছে।
/এমএইচ/

Share this post

Join the conversation