জয় দিয়ে আল নাসেরে রোনালদোর অভিষেক
সৌদি আরবের ক্লাব আল নাসেরে অভিষেক হল পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। গোল না পেলেও ঘরের মাঠে এত্তিফাককে হারিয়ে মাঠ ছাড়ল আল নাসের।
রোববার (২৩ জানুয়ারি) সৌদি প্রো লিগের ম্যাচে এত্তিফাককে ১-০ গোলে হারিয়েছে রোনালদোর ক্লাব আল নাসের। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আন্দেরসন তালিসকা।
রোনালদোকে দেখার অপেক্ষায় প্রহর গুনছিলেন আল নাসের সমর্থকরা। ম্যানচেস্টার ইউনাইটেডে থাকাকালীন মেজাজ হারিয়ে এভার্টনের এক সমর্থকের ফোন ভেঙে দেন তিনি। এরই জেরে দু-ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দেয় ইংলিশ ফুটবল সংস্থা। আল নাসেরে যোগ দিলেও নিষেধাজ্ঞার কারণে নামতে পারছিলেন না রোনালদো। অবশেষে অভিষেক হল তার।
ম্যাচে অধিনায়কের দায়িত্ব পান রোনালদো। ম্যাচের ৭ মিনিটে একটি সুযোগ পান তিনি। বক্সের সামনে থেকে তার শটে বল প্রতিপক্ষের একজনের পায়ে লেগে বাইরে দিয়ে যায়। পরে ফ্রি-কিকে উড়িয়ে মারেন বল। ভালো খেললেও গোল আসেনি তার পায়ে। রোনালদোর ‘সিউউউউ’ সেলিব্রেশন দেখার সুযোগ হয়নি আল নাসের সমর্থকদের।
তবে বিশ্বের অন্যতম সেরা ফুটবলারের পারফরম্যান্স চোখ জুড়িয়েছে দর্শকদের। পুরো ৯০ মিনিটই খেলেন রোনালদো। এখনও যে পুরো ম্যাচ খেলার মতো ফিটনেস রয়েছে তা আরও একবার দেখিয়ে দিলেন ৩৭ বছর বয়সী এ পর্তুগিজ সুপারস্টার। ৩১তম মিনিটে ব্যবধান গড়ে দেওয়া একমাত্র গোলটি করেন আন্দেরসন তালিসকা।
সৌদি আরবের দুই ক্লাব আল নাসের ও আল হিলালের খেলোয়াড়দের নিয়ে গড়া দল রিয়াদ অল স্টার একাদশের অধিনায়ক হয়ে গত বৃহস্পতিবার পিএসজির বিপক্ষে প্রীতি ম্যাচে খেলেন রোনালদো। দল ৫-৪ ব্যবধানে হারলেও নিজে জোড়া গোল করে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন।

Join the conversation