শিক্ষার্থীকে চাপা দেওয়া বাসচালক ও সহকারী গ্রেফতার
রাজধানীর প্রগতি সরণিতে সড়ক দুর্ঘটনায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহতের ঘটনায় ভিক্টর পরিবহনের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভাটারা থানা।
সোমবার সকালে তাদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ।
গ্রেফতারকৃতরা হলেন- বাসচালক মো. লিটন (৩৮) ভোলা জেলার ইলিশা ইউনিয়নের কালু মিয়ার ছেলে ও হেলপার আবুল খায়ের (২২) একই জেলার বিদুরিয়া এলাকার হাসেম গারামির ছেলে।
তিনি জানান, বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের শিক্ষার্থী নাদিয়া ও তার বন্ধুকে চাপা দেওয়া ভিক্টর পরিবহনের চালক ও তার সহকারীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে বাড্ডা থানার আনন্দনগর এলাকার সার্জেন্ট টাওয়ারের পেছন থেকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় ভিক্টর পরিবহনের বাসটি জব্দ রয়েছে।
রোববার দুপুরে বন্ধুর সঙ্গে ঘুরতে বের হয়ে ভিক্টর পরিবহনের বাসের চাপায় ঘটনাস্থলেই মারা যায় সাদিয়া। এই ঘটনায় দুই ঘণ্টা রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে তার সহপাঠীরা। এছাড়া সোমবার দুপুরে চার দফা দাবিতে বিক্ষোভ করার কথা রয়েছে। এ ঘটনায় রোববার রাতে নাদিয়ার বাবা জাহাঙ্গীর আলম সড়ক পরিবহন আইনে ভাটারা থানায় মামলা দায়ের করেন। মামলা নং ৪৬।

Join the conversation