কণ্ঠশিল্পী আসিফ আকবরকে ই-পাসপোর্ট দিতে নির্দেশ
কণ্ঠশিল্পী আসিফ আকবরকে ই-পাসপোর্ট দিতে পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার (২৫ জানুয়ারি) এই আদেশ দেন।
সংশ্লিষ্ট এক রুলের নিষ্পত্তি করে এই আদেশ দেয় আদালত। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী ও সহকারী অ্যাটর্নি জেনারেল এমএমজি সারওয়ার পায়েল। আর আসিফের পক্ষে ছিলেন আইনজীবী সাজ্জাদ হায়দার।
আদালত থেকে বের হওয়ার পর সাজ্জাদ হায়দার বলেন, আসিফ আকবরের পাসপোর্ট দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছিল হাইকোর্ট। গত ১ সেপ্টেম্বর জারি করা ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে বুধবার (২৫ জানুয়ারি) রুলটি নিষ্পত্তি করে দেয় আদালত। এর ফলে এখন শিল্পী আসিফ আকবরকে তার ই-পাসপোর্ট দিতে হবে।
আইনজীবী জানান, ই-পাসপোর্টের আবেদনের এক বছর হয়ে গেলেও পাসপোর্ট না পাওয়ায় হাইকোর্টে রিট দায়ের করেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। গত বছরের ৩০ আগস্ট এই আবেদন করেন তিনি।
এতে স্বরাষ্ট্রসচিব, ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক, অতিরিক্ত মহাপরিচালক (পাসপোর্ট, ভিসা অ্যান্ড ইমিগ্রেশন), পরিচালক (প্রশাসন ও অর্থ), পরিচালক (ই-পাসপোর্ট প্রকল্প), পরিচালক (বিভাগীয় ভিসা ও পাসপোর্ট অফিস,ঢাকা), যুগ্ম-পরিচালকে (আঞ্চলিক পাসপোর্ট অফিস, ঢাকা) বিবাদী করা হয়।

Join the conversation