আপিল বিভাগে প্রবেশে ডিজিটাল পাস লাগবে বিচারপ্রার্থীদের
আগামী ১ ফেব্রুয়ারি থেকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রবেশের ক্ষেত্রে ডিজিটাল পাস সংগ্রহ করতে হবে। বুধবার (২৫ জানুয়ারি) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আপিল বিভাগের রেজিস্ট্রার মোহাম্মদ সাইফুর রহমান গত মঙ্গলবার (২৪ জানুয়ারি) এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে এ পাস সংগ্রহ করা যাবে। পাস না থাকলে আপিল বিভাগের এজলাসে প্রবেশ করতে বা এজলাসে অবস্থান করতে পারবেন না বিচারপ্রার্থীরা।
পাস সংগ্রহের জন্য বিচারপ্রার্থী সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রবেশ করে এন্ট্রি লিস্ট মেনুতে ক্লিক করতে হবে। কিউআর কোড স্ক্যান করে বা পর্যায়ক্রমে প্রবেশের তারিখ, মামলার নম্বর, বিচারপ্রার্থীর নাম, মোবাইল নম্বর এবং ন্যাশনাল আইডি নম্বর টাইপ করতে হবে। এরপর নিবন্ধন বাটনে ক্লিক করে পাস প্রিন্ট করা যাবে। এই পাসের প্রিন্ট কপি অথবা স্ক্রিনশট বা ডাউনলোড কপি দেখিয়ে প্রবেশ করা যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো ক্রমাগত উন্নয়নের ধারাবাহিকতায় আপিল বিভাগে প্রবেশ পাস ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। আপিল বিভাগে প্রবেশ করতে আগ্রহী বিচার প্রার্থী সংযুক্ত ব্যবহার বিধি অনুসরণপূর্বক স্মার্টফোন বা কম্পিউটার মাধ্যমে প্রবেশের তারিখ ও মামলা নম্বরসহ প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে আপিল বিভাগের ডিজিটাল পাস সংগ্রহ করতে পারবে। এই প্রবেশ পাস ডিজিটাল অথবা প্রিন্টকপি ব্যবহার করে আপিল বিভাগের এজলাসে প্রবেশ করা যাবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নিরাপত্তার স্বার্থে আপিল বিভাগের এজলাস ও এজলাস সংলগ্ন স্থানে কোনো বিচারপ্রার্থী প্রবেশ পাস প্রদর্শন ব্যতীত প্রবেশ করতে বা অবস্থান করতে পারবেন না।

Join the conversation