01:30:22 pm
Sunday, June 21

লাদাখের ২৬টি টহল পয়েন্টের নিয়ন্ত্রণ হারিয়েছে ভারত

চীনের সঙ্গে দীর্ঘদিনের বিরোধপূর্ণ লাদাখ সীমান্তের পূর্বাঞ্চলীয় ৬৫টি টহল পয়েন্টের মধ্যে অন্তত ২৬টিতে প্রবেশাধিকার হারিয়েছে ভারত। কেন্দ্রশাসিত লাদাখের জ্যেষ্ঠ একজন পুলিশ কর্মকর্তার এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। খবর এনডিটিভির।

লাদাখের প্রধান শহর লেহের পুলিশ সুপার পিডি নিত্য চীনের সঙ্গে ভারতের বিতর্কিত সাড়ে ৩ হাজার সীমান্ত এলাকা নিয়ে চলমান উত্তেজনার মাঝে এই উদ্বেগজনক তথ্য প্রকাশ করেছেন। এনডিটিভি পিডি নিত্যের গবেষণা প্রতিবেদন পর্যালোচনা করে বুধবার এই বিষয়ে সংবাদ প্রকাশ করেছে। 

গবেষণা প্রতিবেদনে লেহের পুলিশ সুপার পিডি নিত্য লিখেছেন, ‘বর্তমানে কারাকোরাম পাস থেকে চুমুর পর্যন্ত ৬৫টি টহল পয়েন্ট (প্যাট্রোলিং পয়েন্ট বা পিপি) রয়েছে; যেখানে ভারতীয় নিরাপত্তা বাহিনীর (আইএসএফ) সদস্যরা নিয়মিত টহল দেন। ৬৫টি টহল পয়েন্টের মধ্যে ২৬টিতে আমাদের উপস্থিতি হারিয়ে গেছে।

গত সপ্তাহে রাজধানী নয়াদিল্লিতে ভারতের শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বার্ষিক এক সম্মেলনে এ প্রতিবেদন উপস্থাপন করা হয়। ওই সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল উপস্থিত ছিলেন।