07:13:18 pm
Tuesday, August 25

বসত ঘরে মিলল ২ নারীর নিথর দেহ, অচেতন এক

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সাবেক ইউপি সদস্যের বাড়ি থেকে দুই নারীর নিথর মরদেহ উদ্ধার করা হয়েছে। এসময় অচেতন অবস্থায় আরও একজনকে পাওয়া গেছে।

বুধবার (২৫ জানুয়ারি) গভীর রাতে উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের পাশে ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— কেদারপুর ইউনিয়ন পরিষদের সাকেব ইউপি সদস্য দেলোয়ার হোসেনের মা লালমুন নেছা (৯৫) ও তার পুত্রবধূ রিপা আক্তার (২৩)। এছাড়া এ ঘটনায় দেলোয়ার হোসেনে স্ত্রী মিনারা বেগম (৫৫) গুরুতর আহত অবস্থায় বাবুগঞ্জের বাহেরচর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বুধবার রাত ১১টার দিকে তাদের পার্শ্ববর্তী বাড়ির লোকজন ডাকাডাকি করে কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের মধ্যে প্রবেশ করে তিন জনকে অজ্ঞান অবস্থায় খাটে শোয়া দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তিন জনের মধ্যে দুই জনকে মৃত ঘোষণা করেন। এছাড়া একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ সময় ঘরের পাশে একটি শিধ কাটা দেখা যায়। ধারণা করা হচ্ছে, কোনো চুরির ঘটনায় পরিবারের সদস্যদের অজ্ঞান করে এ কাজ ঘটানো হয়েছে।

Share this post

Join the conversation