01:37:42 pm
Sunday, June 21

পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর গুলিতে ৯ ফিলিস্তিনি নিহত

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে শরণার্থী শিবিরে ৯ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে শরণার্থী শিবিরে ৯ ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরাইলি সেনাবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে জেনিন শহরে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। তাদের গুলিতে এক নারীসহ ৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। 
জানা গেছে, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ হয় ইসরাইলি সেনাদের। এ সময় তাদের ওপর লক্ষ্য করে গুলি ছুঁড়ে ইসরাইলি সেনাবাহিনী।  
ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,  আহত ১৬ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। জেনিনের পরিস্থিতি খুবই উত্তপ্ত। হাসপাতালেও হামলা করেছে ইসরাইলি সেনারা। তারা অ্যাম্বুলেন্স এবং চিকিৎসকদের কাজে বাধা দিচ্ছে। 
নিহতদের মধ্যে এখন পর্যন্ত একজনের পরিচয় শনাক্ত করা গেছে। তার নাম সায়েব ইসসাম জেরেকি (২৪)। বাকিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফিলিস্তিনি সশস্ত্র বাহিনী হামাস এবং ইসলামী জিহাদ জানিয়েছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াই করছে।
প্রায় এক মাস ধরেই পশ্চিম তীরে চরম উত্তেজনা বিরাজ করছে।  প্রায় প্রতিদিনই অভিযান চালাচ্ছে ইসরাইল। তাদের বাহিনীর হাতে প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। 
তবে ইসরাইল দাবি করেছে,  পশ্চিম তীরের জেনিনে প্রতিরোধ যোদ্ধারা সংগঠিত হচ্ছে। তাই সেখানে অভিযান চালানো হচ্ছে। 
উল্লেখ্য, নেতানিয়াহু সরকার পুনরায় ক্ষমতায় আসার পর থেকেই উত্তেজনা বেড়েছে ইসরায়েল-ফিলিস্তিনের মধ্যে। চলতি বছর এখন পর্যন্ত পাঁচ শিশুসহ ২৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল সেনারা। গত বছর এ সংখ্যা ছিল ১৭০ জনেরও বেশি। 
বুধবার জেনিন শহরের শরণার্থীশিবিরের কাছে একটি নিরাপত্তাচৌকিতে ইসরাইলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি যুবক নিহত হন।