জামায়াতের আমিরসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
নাশকতার এক মামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমানসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
বুধবার এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য ছিল। আসামিরা দীর্ঘদিন যাবৎ আদালতে হাজির না হয়ে সময় আবেদন করেন। এদিনও আসামিদের পক্ষ থেকে সময় আবেদন করা হয়। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারী সময়ের আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, ২০১২ সালে নাশকতামূলক কর্মকান্ডের অভিযোগে উত্তরা পশ্চিম থানায় মামলাটি দায়ের করা হয়। এর আগে গত ১২ ডিসেম্বর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) একটি টিম শফিকুর রহমানকে গ্রেফতার করে। পরে রাজধানীর যাত্রাবাড়ী থানার সন্ত্রাস বিরোধ আইনের একটি মামলায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Join the conversation