ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
ঝালকাঠির নলছিটিতে মাদরাসাছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে নলছিটি থানা পুলিশ। শুক্রবার বিকালে নিহতের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত কিশোরী ইতি উপজেলার কুলকাঠি ইউনিয়নের কুলকাঠি গ্রামের ফারুক হোসেন খলিফার মেয়ে ও উপজেলার কুলকাঠি শহিদিয়া মাদরাসার ষষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হামিদা আক্তার ইতিকে নিজ ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় মেম্বারের মাধ্যমে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে নলছিটি থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নানা সূত্রে জানা গেছে, সকালে নিহতের মা তার ফুপু মারা যাওয়ায় সেখানে যান ও তার বাবা কৃষি কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন। এরপর বাড়ির লোকজন তাকে ঘরের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে তার বাবা-মাকে খবর দেয়। পরে স্থানীয় মেম্বার পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে।
নলছিটি থানার ওসি আতাউর রহমান জানান, খবর পেয়ে নলছিটি থানার পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠিতে পাঠানো হয়েছে।

Join the conversation