02:52:26 pm
Sunday, June 21

বিএনপির পদযাত্রার দিনে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

ঢাকায় আজ এক জায়গা থেকে আরেক জায়গায় ‘পদযাত্রা’ করবে বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধার এবং ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি এ কর্মসূচি পালন করবে বাড্ডা এলাকা থেকে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত।

ঢাকায় আজ এক জায়গা থেকে আরেক জায়গায় ‘পদযাত্রা’ করবে বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধার এবং ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর বিএনপি এ কর্মসূচি পালন করবে বাড্ডা এলাকা থেকে মালিবাগের আবুল হোটেল পর্যন্ত। আর শাসক দল আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে উত্তরায়। যদিও এক দিন আগে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দাবি করেন বিএনপির কর্মসূচির বিপরীতে আওয়ামী লীগ কোনো কর্মসূচি দেয় না। তবে নির্বাচনের আগে পর্যন্ত রাজপথে থাকবে তাদের দল।
মিছিল, সমাবেশ, বিক্ষোভের পর এবার বিএনপি শব্দহীন পদযাত্রার কর্মসূচি পালন করবে। আজ দুপুর ২টায় বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে থেকে পদযাত্রা শুরু হবে। নেতাকর্মীরা হেঁটে হেঁটে যাবেন আবুল হোটেল পর্যন্ত। আর একই সময় সরকারি দল আওয়ামী লীগ শান্তি সমাবেশ করবে। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে রাজধানীর উত্তরার আজমপুরে এ সমাবেশের প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল দক্ষিণ আওয়ামী লীগ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় তারাও আজ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শান্তি সমাবেশ করবে। যেখানে প্রধান অতিথি থাকবেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। এ ঘোষণার আধা ঘণ্টা পর তা স্থগিত করে জানানো হয়, ৩০ জানুয়ারি হবে তাদের কর্মসূচি। একই দিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির পদযাত্রা কর্মসূচি রয়েছে। তবে আজ একই স্থানে যুবলীগ সমাবেশ করবে সকালে। প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান এমপি। 
অন্যদিকে বিএনপির একজন নেতা সময়ের আলোকে জানান, তারা মনে করছেন পদযাত্রা মতো কর্মসূচির মাধ্যমে জনগণের সম্পৃক্ততা বাড়ানো যাবে। এমন কর্মসূচি নগরবাসীর কোনো ব্যাঘাত সৃষ্টি করবে না। তারা এমন অহিংস কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে। নেতাকর্মীরাও এতে উৎসাহিত হবে। একটানা নয়াপল্টনকেন্দ্রিক সমাবেশ হওয়ার কারণে ঢাকার কয়েকটি এলাকার নেতাকর্মীদের মধ্যে কিছুটা ঢিলেঢালাভাব চলে আসছে। তাদের ফের রাজপথে চাঙা করতেই এমন ভিন্ন উদ্যোগ। এটা সবার নজর কাড়বে। দাবি আরও বেগবান হবে। 
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ কিংবা পুলিশ বাধার সৃষ্টি করলে তাদেরই ক্ষতি হবে। নেতিবাচক প্রভাব পড়বে। এ ছাড়া মহানগর উত্তর বিএনপি মঙ্গলবার গাবতলী থেকে মাজার রোড়  হয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বর পর্যন্ত পদযাত্রা করবে বিএনপি। একইভাবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সোমবার যাত্রাবাড়ী থেকে শ্যামপুর পর্যন্ত এবং বুধবার মুগদা থেকে মালিবাগ পর্যন্ত পদযাত্রা করবে। প্রতিটি পদযাত্রা দুপুর ২টায় শুরু হবে।