11:30:06 pm
Tuesday, August 25

বিদেশি সিনেমা বাংলাদেশে মুক্তিতে আপত্তি নেই শিল্পী সমিতির

বাংলাদেশে বলিউড সিনেমা ‘পাঠান’প্রদর্শনের প্রক্রিয়া শুরু হয়েছে। শাহরুখ খান অভিনীত এই সিনেমাটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক মুক্তবাণিজ্য চুক্তির (সাফটা) আওতায় বাংলাদেশে মুক্তির আবেদন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান অ্যাকশন কাট। তবে বাংলাদেশে সিনেমাটি মুক্তি নিয়ে পরিচালক, প্রযোজক, শিল্পী ও সাধারণ মানুষদের মাঝে উন্মাদনা ও শঙ্কার শেষ নেই। কেউ বলছেন ‘পাঠান’ মুক্তির পক্ষে আবার কেউ কেউ বিপক্ষে অবস্থান নিয়ে নানান যুক্তি হাতড়াচ্ছেন।

এমন অবস্থায় শনিবার এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির অফিসে বিদেশি ভাষার সিনেমা আমদানি বিষয়ক বৈঠকে বসে। সভার সিদ্ধান্ত অনুযায়ী যেকোনো দেশের সিনেমা বাংলাদেশে মুক্তিতে শিল্পী সমিতির কোনো আপত্তি নেই। 

বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য অভিনেতা রিয়াজ আহমেদ। সময়ের আলোকে এই অভিনেতা বলেন, ‘আমাদের সিনেমা হল বাঁচাতে বিদেশি  সিনেমা আসুক। শুধু ‘পাঠান’ নয়, অন্যান্য আরও সিনেমা আসুক। 

রিয়াজ আরও বলেন, ‘বিদেশি সিনেমা যেন শর্ত সাপেক্ষে বাংলাদেশে মুক্তি দেওয়া হয় এই বিষয়েও মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনিয়র শিল্পীরা মতামত দিয়েছেন। আমরা আমাদের সিদ্ধান্ত জানিয়েছি। বাকি কাজ মন্ত্রণালয়ের। ’ 

শিল্পী সমিতির সভায় উপস্থিত ছিলেন সমিতির উপদেষ্টা কিংবদন্তি চিত্রনায়ক আলমগীর, সভাপতি ইলিয়াস কাঞ্চন, সাধারণ সম্পাদক নিপুণ আক্তার, সাইমন সাদিক, রিয়াজ আহমেদসহ কমিটির অন্যান্য সদস্যরা।

Share this post

Join the conversation