07:47:23 am
Wednesday, August 26

আমিনবাজার-গোপালগঞ্জ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন চালু

দেশের অন্যতম দীর্ঘ বিদ্যুৎ সঞ্চালন লাইন আমিনবাজার-গোপালগঞ্জ-মোংলা বিদ্যুৎ সঞ্চালনের জন্য প্রস্তুত বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের একটি ফেসবুক পোস্টে বলা হয়েছে, পিজিসিবি কর্তৃক নবনির্মিত আমিনবাজার-গোপালগঞ্জ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন আজ দুপুরে সফলভাবে চালু করা হয়েছে। 

গোপালগঞ্জ থেকে আমিনবাজার গ্রিড সাবস্টেশন পর্যন্ত লাইনটির দৈর্ঘ্য ৮২.৫ কিলোমিটার; যার মধ্যে পদ্মা নদীতে ৭.৫ কিলোমিটার রিভারক্রসিং রয়েছে। গোপালগঞ্জ থেকে আমিনবাজার লাইনটিতে মোট ২২৬টি টাওয়ার রয়েছে। তম্নধ্যে খরস্রোতা পদ্মা পাড়ির জন্য নদীতে এবং নদীর দু’প্রান্ত মিলে মোট ১১টি সুউচ্চ টাওয়ার নির্মাণ করা হয়েছে।

৪০০ কেভি ভোল্টেজে লাইনটি সফলভাবে চার্জ করায় শীঘ্রই সবধরণের কারিগরী প্রস্তুতি ও মূল্যায়ন শেষে এই লাইনে বিদ্যুৎ সঞ্চালন (লোড ফ্লো) শুরু করা হবে। নবনির্মিত লাইনটি চালু করায় ইতোপূর্বে নির্মিত পায়রা-গোপালগঞ্জ ৪০০ কেভি লাইন এবং গোপালগঞ্জ-মোংলা ৪০০ কেভি লাইন ঢাকার উপকণ্ঠের আমিনবাজার গ্রিড উপকেন্দ্রের সাথে যুক্ত হলো। 

এতে বৃহত্তর খুলনা ও বরিশাল অঞ্চলের সাথে জাতীয় গ্রিডের সংযোগ শক্তিশালী ও অধিকতর নির্ভরযোগ্য হয়েছে বলে জানিয়েছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।

 

Share this post

Join the conversation