রেলের ২ হাজার ৮১৭ একর জমি বেদখল
বাংলাদেশ রেলওয়ের ২ হাজার ৮১৭ একর জমি বেদখলে রয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন।
বাংলাদেশ রেলওয়ের ২ হাজার ৮১৭ একর জমি বেদখলে রয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। রোববার সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, রেলওয়ের মোট জমির পরিমাণ ৫৮ হাজার ৪৭০ একর বা ২৩ হাজার ৬৭১ দশমিক ৮৩৫ হেক্টর। এর মধ্যে ১৫ হাজার ৮৯ একর বা ৬ হাজার ১০৮ দশমিক ৯৭৪ হেক্টর লিজ দেওয়া আছে। আর ২ হাজার ৮১৭ দশমিক ১২৩ একর বা ১ হাজার ১৪০ দশমিক ৫৩ হেক্টর বেদখলে রয়েছে।
সরকার দলীয় সংসদ সদস্য হাবিব হাসানের লিখিত প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, বেদখলকৃত রেলভূমি পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় ৯৬ দশমিক ৪৩২ হেক্টর এবং পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলায় এক হাজার ৪৪ দশমিক ১০৩ হেক্টর। তিনি জানান, নিয়মিত রেলভূমি অবৈধ দখলমুক্ত করার জন্য উচ্ছেদ কার্যক্রম গ্রহণ করা হয়। বেদখলকৃত জমিতে দোকান, শিক্ষাপ্রতিষ্ঠান, বস্তি, ঘরবাড়ি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির, বিভিন্ন রাজনৈতিক প্রতিষ্ঠান এবং ক্লাব ইত্যাদি রয়েছে।বিকল্পধারার সংসদ সদস্য আবদুল মান্নানের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী জানান, বর্তমানে দেশে ৪৩টি জেলায় রেলপথ রয়েছে। আর ৩০ বছর মেয়াদি রেলওয়ের মাস্টার প্ল্যান (২০১৬-২০৪৫) বাস্তবায়ন হলে সব জেলা রেল নেটওয়ার্কে আসবে। তিনি আরও জানান, নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত ইলেকট্রিক ট্র্যাকশন (ওভারহেড ক্যাটেনারি ও সাবস্টেশন নির্মাণসহ) চালুর জন্য সম্ভাব্যতা সমীক্ষা পরিকল্পনা কমিশন ২০২১ সালের ১২ অক্টোবর অনুমোদিত হয়েছে। পরামর্শক নিয়োগের কাজ চলছে।
বিআরটিএর ভ্রাম্যমাণ আদালতের ২৬৪৮ মামলা : বিদায়ি বছর ২০২২ সালে মেয়াদোত্তীর্ণ, ফিটনেসবিহীন ও বিধিবহির্ভূতভাবে সড়কে চলা যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই হাজার ৬৪৮টি মামলা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সময়ে এসব যানবাহন থেকে জরিমানা হিসেবে আদায় করেছে ৭১ লাখ ৫২ হাজার ৫৯০ টাকা। রোববার সংসদে আওয়ামী লীগের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহর লিখিত প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
সড়ক পরিবহন মন্ত্রী বলেন, এসব যানবাহনের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে থাকে বিআরটিএ। ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মেয়াদোত্তীর্ণ এবং ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে দুই হাজার ৬৪৮টি মামলায় ৭১ লাখ ৫২ হাজার ৫৯০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ৯টি গাড়িকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে।
সংসদ সদস্য বেনজীর আহমদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, মেয়াদোত্তীর্ণ ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে বিআরটিএর নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত আছে। জেলা ও হাইওয়েতেও জেলা ম্যাজিস্ট্রেট এবং হাইওয়ে পুলিশ যথাযথ দায়িত্ব পালন করছেন। বর্তমানে সারা দেশে বিআরটিসি বাসের সংখ্যা এক হাজার ৩৫০টি বলেও জানান সড়ক পরিবহন মন্ত্রী।
পাটকল শ্রমিকের পাওনা পরিশোধ : আওয়ামী লীগ দলীয় সদস্য এম আবদুল লতিফের প্রশ্নের লিখিত জবাবে পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী জানিয়েছেন, বন্ধ করে দেওয়া সরকারি পাটকলগুলোর এক হাজার ৫৬ জন শ্রমিকের পূর্ণ পাওনা পরিশোধে দেরি হচ্ছে। তাদের পাওনা দ্রুত পরিশোধের জন্য অর্থ মন্ত্রণালয়ের চিঠি পাঠানো হয়েছে। তিনি আরও জানান, বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) অধীন বন্ধ ঘোষিত মিলগুলোর পাওনা ও অন্যান্য দায়দেনা পরিশোধে ২০২১-২২ অর্থবছরে মোট ৮৯১ কোটি ১৫ লাখ টাকা অর্থ মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ৮৩০ কোটি ৮১ লাখ টাকা পরিশোধ করা হয়েছে।
একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সঞ্চয়পত্র ইস্যুর ক্ষেত্রে পাঁচ লাখ টাকার ঊর্ধ্বে করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক হওয়ায় এক হাজার ৫৬ জন শ্রমিকের পূর্ণ পাওনা পরিশোধে বিলম্ব হচ্ছে। সঞ্চয় অধিদফতরের সফটওয়ার টিআইএন ভ্যালিডেশন অব শ্রমিকদের পাওনা পরিশোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অর্থ মন্ত্রাণালয়ের অর্থ বিভাগে চিঠি দেওয়া হয়েছে।
- Tags:
- জমি বেদখল
