01:17:09 am
Wednesday, August 26

নারী কাবাডি লিগের ফাইনাল মঙ্গলবার

নারী কাবাডি লিগের ফাইনাল আজ। মঙ্গলবার পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে শিরোপা লড়াইয়ে ঢাকা টুয়েলভের মুখোমুখি হবে টেকনো মিডিয়া। ম্যাচটি শুরু হবে বেলা ৩টায়।
জাতীয় খেলা কাবাডি। কিন্তু বরাবরই এই খেলাটি ঘরোয়া ক্রীড়াঙ্গনে উপেক্ষিত। ২০১২ সালে প্রথমবার হয়েছিল নারী কাবাডি লিগ। এরপর ১১ বছরে আর মাঠে গড়ায়নি দেশের জাতীয় এই খেলাটি। অবশেষে দেশের ছয়টি বাণিজ্যিক প্রতিষ্ঠান নিয়ে মাঠে গড়ায় ‘করপোরেট নারী কাবাডি লিগ’। আজ শিরোপার লড়াই।
প্রথম কোয়ালিফায়ারে নরসিংদী লিজেন্ডসকে হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২৬-২৩ পয়েন্টে হারিয়ে ফাইনালের টিকেট পায় ঢাকা টুয়েলভ। অন্যদিকে দ্বিতীয় কোয়ালিফায়ারে নরসিংদী লিজেন্ডসকে ২৪-১৮ পয়েন্টে হারিয়ে ফাইনালে ওঠে টেকনো মিডিয়া। টেকনো মিডিয়ার স্মৃতি আক্তার ও কচি মণ্ডলের নৈপুণ্যে সহজেই ফাইনালে ওঠে তারা।
সেমির এই সাফল্য ফাইনাল পর্যন্ত টেনে নিতে চান টেকনো মিডিয়ার অধিনায়ক স্মৃতি আক্তার। গতকাল সংবাদ সম্মেলনে বলেন, ‘দেশে প্রথমবার আয়োজিত হয়েছে মেয়েদের করপোরেট কাবাডি লিগ। তাই ইতিহাসের অংশ হতে আমরা শিরোপা জিততে চাই।’ টেকনো দলে আছেন জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়। যা দলের শক্তিকে বৃদ্ধি করবে বলে মনে করেন স্মৃতি। তার কথায়, ‘আমাদের দলের অন্যতম শক্তি জাতীয় দলের কচি রানী, সোমা আক্তার, রূপালী আক্তার। কোচ বাদশা মিয়ার নির্দেশনা মোতাবেক খেলতে পারলে শিরোপা আমরাই জিতব।’
শিরোপা ঘরে তুলতে মরিয়া ঢাকা টুয়েলভও। দলটির অধিনায়ক রেখা আক্তার বলেন, ‘আমাদের এখন একটাই লক্ষ্য, কাবাডির শিরোপা জেতা। সেই রসদও আমাদের আছে। জাতীয় দলের খেলোয়াড় সরস্বতী রায় ও আমি রয়েছি। আমরা ভালো খেলতেই এখানে এসেছি। ডিসিপ্লিনের মধ্য দিয়ে খেলেছি, তাই জিতেছি। সবাই কষ্ট করেছি। কোচ বজলুর রশিদের নির্দেশনা অনুযায়ী শেষ ম্যাচেও দুর্দান্ত খেলে শিরোপা নিয়ে ঘরে ফিরতে চাই।’

Share this post

Join the conversation