ইউক্রেনকে যুদ্ধবিমান দেবে না যুক্তরাষ্ট্র
রুশ আগ্রাসনের বিরুদ্ধে ইউক্রেনকে ট্যাংক সহায়তা দেওয়ার পর দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্র দেশগুলোর কাছে যুদ্ধবিমান সরবরাহের আবেদন জানিয়েছিলেন। তবে সেই আবেদন প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
বিবিসি জানায়, স্থানীয় সময় সোমবার (৩০ জানুয়ারি) এক সাংবাদিক বাইডেনকে প্রশ্ন করেন কিয়েভকে যুদ্ধবিমান দেওয়ার কোনো ইচ্ছা তার আছে কি না। এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, ‘না’। রাশিয়ার বিরুদ্ধে প্রায় এক বছর ধরে যুদ্ধ করায় আশঙ্কাজনকভাবে কমেছে ইউক্রেনের বিমানবাহিনীর শক্তি। যখন পশ্চিমারা তাদের ট্যাংক দিতে সম্মত হলো তখন কিয়েভ ভাবল এখন তাদের যুদ্ধবিমানও দিতে পারে তারা। আর এসব যুদ্ধবিমান দিয়ে নিজেদের বিমানবাহিনীর শক্তি আগের অবস্থানে নিয়ে যাওয়া হবে।
গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার হামলা শুরু হয়। ইউক্রেনের নানা স্থাপনা ঘিরে হামলা করতে থাকে রাশিয়ার সেনারা। সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনে বানের পানির মতো অস্ত্র পাঠাতে শুরু করে পশ্চিমারা।
রুশ আগ্রাসহ মোকাবিলায় পশ্চিমা মিত্রদের কাছ থেকে ইউক্রেন আধুনিক ট্যাংক চেয়ে আবেদন করলে সায় দেয় যুক্তরাষ্ট্র ও জার্মানি। কয়েকদিন আগে দুই দেশের পক্ষ থেকে ট্যাংকের (লেপার্ড-২) দেওয়ার প্রতিশ্রুতির পর ইউক্রেনে হামলা আরও বাড়িয়ে দেয় রুশবাহিনী। হামলায় ওদেসা অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর ক্ষয়ক্ষতি হয়েছে।
মিত্রদের কাছ থেকে ট্যাংক পাওয়ার প্রতিশ্রুতির পর যুদ্ধবিমান দাবি করে কিয়েভ। ট্যাংক পাওয়ার খবরের প্রতিক্রিয়া জানাতে গিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভের উপদেষ্টা ইয়ুরি স্যাক বলেছিলেন, আমরা এখন যুদ্ধবিমান চাই। কিন্তু দেশটিতে যুদ্ধবিমান দেওয়ার কোনো সম্ভাবনা নেই বলে আগে সাফ জানিয়ে দিয়েছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎজ। এবার মার্কিন প্রেসিডেন্টও যুদ্ধবিমান না দেওয়ার কথা জানালেন।

Join the conversation