08:45:58 am
Sunday, June 21

হজযাত্রী বহন করবে তিন এয়ারলাইন্স

চলতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ করতে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। তাদের বহন করবে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি আরবের সৌদি ও ফ্লাইনাস এয়ারলাইন্স। বিমান ৫০ শতাংশ যাত্রী বহন করবে। 

চলতি বছর বাংলাদেশ থেকে সৌদি আরবে হজ করতে যাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। তাদের বহন করবে বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি আরবের সৌদি ও ফ্লাইনাস এয়ারলাইন্স। বিমান ৫০ শতাংশ যাত্রী বহন করবে। 

আগামী ৬ ফেব্রুয়ারি হজের ফ্লাইটসূচি চূড়ান্ত করা হবে। ইতিমধ্যে ৩টি এয়ার লাইন্সকে তাদের ফ্লাইটসূচি চূড়ান্ত করে মন্ত্রণালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ডলারের দাম বেড়ে যাওয়ার কারণে এ বছর বিমান ভাড়া বাড়বে। আগামী ২-৩ দিনের মধ্যে হজপ্যাকেজ ঘোষণা করা হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

করোনার জন্য ২ বছর হজ পালন বন্ধ ছিল। ২০২২ সালে বাংলাদেশ থেকে সাড়ে ৫৭ হাজার মুসল্লি হজব্রত পালনে সৌদি আরবে যাওয়ার সুযোগ পান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার, বাকি মুসল্লিরা বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করেন। সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী ৫৭ হাজার হজযাত্রীর অর্ধেক বহন করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বাকি অর্ধেক করে সৌদি রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও ফ্লাইনাস। 

গত বছর বিমান তাদের বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করে ৭৫টি ডেডিকেটেড ফ্লাইটের মাধ্যমে ৩১ হাজার যাত্রী বহন করে। এবার সরকারি ব্যবস্থাপনায় ১৫ হাজার, বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১২ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ পালন করবেন। এ বছর বয়সের সর্বোচ্চ সীমার শর্ত তুলে দেওয়া হয়েছে অর্থাৎ ৬৫ ঊর্ধ্ব হজযাত্রীরাও এ বছর হজে যেতে পারবেন। এ বছর বাংলাদেশি হজযাত্রীদের ৭০ শতাংশ অর্থাৎ ৮৯ হাজার ৩৮ জন জেদ্দা বিমানবন্দর হয়ে আগমন ও প্রস্থান করবেন। বাকি ৩০ শতাংশ অর্থাৎ ৩৮ হাজার ১৬০ জন হজযাত্রী মদিনা বিমানবন্দর দিয়ে আগমন ও প্রস্থান করবেন।

সূত্র জানায়, গত বছরের মতো চলতি বছরও বাংলাদেশের বিমান বাংলাদেশ এয়ার লাইন্স, সৌদি রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স ও ফ্লাইনাস বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী আনা-নেওয়া করার অনুমতি দিয়েছে সৌদি সরকার। ইতিমধ্যে বাংলাদেশ সরকারের সঙ্গে এ বিষয়ে চুক্তি হয়েছে। হজফ্লাইট পরিচালনার জন্য এয়ারলাইন্স ৩টিকে তাদের ফ্লাইট শিডিউল সৌদির জেনারেল অথরিটি ফর সিভিল অ্যাভিয়েশনের অনুমোদন নিতে হবে। আগামী ৬ ফেব্রুয়ারির আগেই তা করতে বলা হয়েছে। ৬ ফেব্রুয়ারি শিডিউল চূড়ান্ত করা হবে।

এ বিষয়ে গত বৃহস্পতিবার নির্দেশনা জারি করেছে ধর্ম মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব আবুল কাশেম মুহাম্মাদ শাহীন স্বাক্ষরিত এক অফিস আদেশে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠান হবে। গত ৯ জানুয়ারি বাংলাদেশ সরকারের সঙ্গে সৌদি সরকারের দ্বীপক্ষীয় হজ চুক্তি স্বাক্ষর হয়েছে। 

এদিকে ডলারের দাম বেড়ে যাওয়ায় হজযাত্রীদের উড়োজাহাজের ভাড়া কিছুটা বৃদ্ধি পাবে বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, ইতিমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি বছরের হজযাত্রীদের বিমান ভাড়া ৭০ হাজার টাকা বাড়ানোর প্রস্তাব দিয়েছে। বিমানের এসংক্রান্ত প্রস্তাব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় হয়ে ধর্ম মন্ত্রণালয়ে পৌঁছেছে। গত বছর হজযাত্রীদের বিমান ভাড়া ছিল ১ লাখ ৪০ হাজার টাকা। চলতি বছর তা ২ লাখ ১০ হাজার ৩৩৭ টাকা করার প্রস্তাব দিয়েছে বিমান।

বিমান বলছে, গত বছর হজ মৌসুমের তুলনায় চলতি বছর জেট ফুয়েলের দাম বেড়েছে প্রায় ১৯ শতাংশ। একই সময়ে বাংলাদেশি টাকার বিপরীতে ডলারের বিনিময় হার ২১ দশমিক ৪২ শতাংশ বেড়েছে বলে দাবি বিমানের।

২৫ থেকে ৩০ জানুয়ারির মধ্যে হজ প্যাকেজ ঘোষণার কথা জানিয়েছিলেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত তা করা হয়নি। বিমান সূত্রে জানা গেছে, ২ থেকে ৩ দিনের মধ্যে হজপ্যাকেজ ঘোষণা করা হবে।

জানতে চাইলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শফিউল আজিম সময়ের আলোকে বলেন, সবকিছুর দাম বেড়েছে। বিমান ভাড়া বৃদ্ধির যে প্রস্তাব করা হয়েছে তা চূড়ান্ত নয়। মন্ত্রণালয় সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, বিমান কখনোই ভাড়া বেশি নিতে চায় না। কিন্তু মিনিমাম যে কস্ট তা না নিলে তো বিমানের লোকসান হবে। হজযাত্রীদের কাছ থেকে লাভ করার কোনো উদ্দেশ্য বিমানের নেই। চলতি বছর হজযাত্রী পরিবহনের জন্য বোয়িং ৭৭৭ ব্যবহার করা হবে। পাশাপাশি ড্রিমলাইনারও স্ট্যান্ডবাই থাকবে। এত যাত্রী পরিবহন করতে গিয়ে অন্যান্য লাভজনক রুটে ফ্লাইট কমিয়ে আনতে হবে। অনেক লোকবলও নিয়োগ করতে হবে। কাল-পরশু বিমানের ফ্লাইট শিডিউল চূড়ান্ত হয়ে যাবে। সবকিছুর দাম বৃদ্ধি পাওয়ায় গতবারের তুলনায় এবার হজপ্যাকেজের দামও বাড়ার ইঙ্গিত দেন তিনি।