নাসিরদের ১৫৭ রানের লক্ষ্য দিলো সাকিবরা
অনেকটা চমক দিয়েই টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ফরচুন বরিশাল অধিনায়ক সাকিব আল হাসান। তবে ব্যাট হাতে চমক দেখাতে পারেননি সাকিব, পারেনি তার দলও। যদিও বিজয়, মাহমুদউল্লাহ আর করিম জানাতের ছোট ছোট ইনিংসে ভর করে মান বাঁচানো সংগ্রহ পায় বরিশাল। ৮ উইকেটে ১৫৬ রানে থামে তাদের ইনিংস।
আগে ব্যাট করতে নেমে ধীর-স্থিরে এগিয়ে যেতে থাকে বরিশালের উদ্বোধনী জুটি। কোনো উইকেট না হারিয়ে ৪২ রান। পাওয়ার প্লে শেষ হওয়ার দুই বল পর প্রথম উইকেট হারালো বরিশাল। এরপর ৬৬ রানে নেই ৪ উইকেট। এই ধাক্কা সামলে উঠতে কম কষ্ট হয়নি বরিশালের। ইনিংস সর্বোচ্চ ৪২ রান করে বিদায় নেন এনামুল হক বিজয়। ৯২ রানে পঞ্চম উইকেট হারানোর পর মাহমুদউল্লাহ ও সালমান হোসেন টুকটাক ব্যাটিংয়ে স্কোর বাড়াতে থাকেন। ১৭ ওভারে তাদের রান ৫ উইকেটে ১১১। চ্যালেঞ্জিং স্কোর তোলা নিয়ে শঙ্কা জেগেছিল।
কিন্তু পরের দুই ওভারে ঝড় ওঠে। সালমান ও মাহমুদউল্লাহ ১৮তম ওভারে সালমান ইর্শাদের বলে ১৯ রান তুলে নেন। পরের ওভারে চতুর্থ চার মারার পরের বলে আউট মাহমুদউল্লাহ, ২৭ বলে ৩৯ রানের ইনিংসে ছিল দুটি ছয়ও। তবে করিম জানাত নেমেই ঝড় তোলেন। শরিফুল ইসলামকে দুটি ছয় ও চার মারেন পরপর তিন বলে। ১৯তম ওভারে আসে ২০ রান।
সালমান ১২ বলে ১৪ রান করে ফিরে যান শেষ ওভারের প্রথম বলে। মোহাম্মদ ওয়াসিম ও করিম বাকি পাঁচ বলে সুবিধা করতে পারেননি। শেষ বলে রান আউট হন করিম, ৫ বলে ১৭ রান করেন তিনি ৩৪০ স্ট্রাইক রেটে। ইনিংসে ছিল ১ চার ও ২ ছয়। তাতে ৮ উইকেটে ১৫৬ রান সংগ্রহ করে বরিশাল।
/এএ/

Join the conversation