বিএনপির ছেড়ে দেওয়া ছয় আসনের ৩টিতে জয়ী নৌকা
বিএনপির সংসদ সদস্য পদত্যাগের পর গতকাল ছয়টি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা জিতেছে তিনটিতে। জাতীয় পার্টি, জাসদ ও স্বতন্ত্র জয়ী হয়েছে বাকি তিনটি আসনে।
বিএনপির সংসদ সদস্য পদত্যাগের পর গতকাল ছয়টি আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেখানে ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা জিতেছে তিনটিতে। জাতীয় পার্টি, জাসদ ও স্বতন্ত্র জয়ী হয়েছে বাকি তিনটি আসনে।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। পরে সংশ্লিষ্ট এলকার জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তারা রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
সবচেয়ে আলোচিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের ৪৪ হাজার ৯১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের আশীর্বাদপুষ্ট স্বতন্ত্র প্রার্থী (কলার ছড়ি প্রতীক) উকিল আবদুস সাত্তার ভূঁইয়া। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল প্রতীক) আবদুল হামিদ ভাসানী পেয়েছেন ৯ হাজার ৬৩৫ ভোট। এই উপনির্বাচনে ভোট পড়েছে ১৬ দশমিক ১০ শতাংশ।
এ ছাড়া নিখোঁজ স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ পেয়েছেন ৩ হাজার ২৬৯ ভোট। জাকের পার্টির প্রার্থী জহিরুল ইসলাম (গোলাপ ফুল প্রতীক) পেয়েছেন ১ হাজার ৫৬০ ভোট। নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থী ও জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জিয়াউল হক মৃধা (আপেল প্রতীক) পেয়েছেন ৪৮৪ ভোট।
বগুড়া-৬ (সদর) আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু ৪৯ হাজার ৩৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক আওয়ামী লীগ নেতা স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান ২১ হাজার ৮৬৪ ভোট পেয়েছেন। আলোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলমের একতারা পেয়েছে পাঁচ হাজার ২৭৪ ভোট।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে ২০ হাজার ৪০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিরো আলম পেয়েছেন একতারা প্রতীকে ১৯ হাজার ৫৭১ ভোট। ভোটের ব্যবধান মাত্র ৮৩৪। এ আসনে ভোটার তিন লাখ ২৮ হাজার ৪৬৯ জন। ভোট পড়েছে ৭৬ হাজার ৫৪৫টি। জেলার দুই আসনে ২৫৫টি ভোট কেন্দ্রে নির্বাচন হয়। দুই আসনে প্রার্থী ছিলেন ২০ জন। এর মধ্যে বগুড়া সদর আসনে ১১ জন ও বগুড়া-৪ আসনে ৯ জন।
ঠাকুরগাঁও ৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ জয়ী হয়েছেন। লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির হাফিজ উদ্দীন আহম্মেদ ৮৪ হাজার ৪৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র রায় একতারা প্রতীকে পেয়েছেন ৫০ হাজার ৩০৯ ভোট। এ ছাড়াও ১৪ দলীয় জোট থেকে ওয়ার্কার্স পার্টির অধ্যাপক ইয়াসিন আলী (হাতুড়ি প্রতীক) পেয়েছেন ১১ হাজার ৩৬৫ ভোট।
উত্তরের আরেক জেলা চাঁপাইনবাবগঞ্জ দুই ও তিন আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী বেসরকারিভাবে জয়ী হয়েছেন। ফলাফলে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল ওয়াদুদ বিশ্বাস ৫৯৬৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সামিউল হক লিটন পেয়েছেন ৫৫৯৮০ ভোট। এছাড়াও বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনএফের প্রার্থী কামরুজ্জামান খান পেয়েছেন ৪০৪০ ভোট।
অপরদিকে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে নৌকা মনোনীত প্রার্থী ১৮০টি কেন্দ্রের মধ্যে ৮৮ টি কেন্দ্রে জিয়াউর রহমান ৫২৭০২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ১৬৪৮৮ ভোট।
- Tags:
- জয়ী নৌকা
