08:56:43 am
Sunday, June 21

মেট্রোরেলের ডিপো উদ্বোধন, প্রধানমন্ত্রীকে বরণ করতে প্রস্তুত রূপগঞ্জবাসী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে মেট্রোরেলের ডিপো উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচলে মেট্রোরেলের ডিপো উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এই আগমনকে ঘিরে রূপগঞ্জে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 
আওয়ামী লীগ সভানেত্রী এবং প্রিয় নেত্রীকে বরণ করে নিতে প্রস্তুত রয়েছেন রূপগঞ্জবাসী। আর দলীয় নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে আনন্দ উল্লাস। রাস্তায় রাস্তায় ছেয়ে গেছে বিভিন্ন ছবিসহ ব্যানার ফেস্টুন।
বুধবার সরেজমিন রূপগঞ্জের পূর্বাচলের বাণিজ্যমেলা সংলগ্ন এলাকা ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। এর আগে ১ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা উদ্বোধন করতে রূপগঞ্জে আসেন প্রধানমন্ত্রী। প্রকল্প এলাকাসহ জেলার বিভিন্ন স্থানে এখন সাজ সাজ রব। প্রতিটি মোড়ে মোড়ে একাধিক তোরণ নির্মাণ করা হয়েছে। রং-বেরঙের ব্যানার, ফেস্টুন আর তোরণে ছেয়ে গেছে মহাসড়কসহ উপজেলার প্রধান সড়ক। প্রধানমন্ত্রীকে বরণ করতে জেলা প্রশাসনসহ দলীয় নেতাকর্মীরা এখন মহাব্যস্ত সময় পার করছেন। বিশেষ করে কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন সেতু পর্যন্ত ৩০০ ফুট সড়কে তোরণ ও ব্যানারে ছেয়ে গেছে।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আগে থেকেই রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সমর্থকরা প্রতিটি ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ডে সভা-সমাবেশ করেছেন এবং ব্যানার ফেস্টুন ও পোস্টার লাগিয়ে প্রচার-প্রচারণা করেছেন।
রংধনু গ্রুপের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আলহাজ রফিকুল ইসলাম রফিক বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছেন এখানকার সর্বস্তরের মানুষ। আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি, প্রধানমন্ত্রীর আগমনের দিন সর্বোচ্চ সংখ্যক নেতাকর্মী সমাবেশে উপস্থিত থাকবেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাজাহান ভূঁইয়া বলেন, আমরা যখনই দেশের ক্লান্তিলগ্নে সম্মুখীন হয়েছি প্রতিটি সময়েই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান পাশে থেকেছেন। আহমেদ আকবর সোবহানের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বরণ করতে লাখো নেতাকর্মী ও সমর্থকের সমাগম ঘটবে বলে আশা করি।
উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল বাশার টুকু বলেন, আমরা রাত থেকেই সমাবেশস্থলের আশপাশে সবাই অবস্থান করব। দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার বলেন, প্রধানমন্ত্রীকে বুঝিয়ে দিব রূপগঞ্জের রাজনীতিতে পরিবর্তন চায় নেতাকর্মী ও সাধারণ মানুষ। আমরা আহমেদ আকবর সোবহানের পক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাব। আর সেই লক্ষ্যে আমরা ব্যানার ফেস্টুন তোরণ নির্মাণ করেছি এবং প্রস্তুতি নিয়েছি। কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক বলেন, আমরা শেখ হাসিনাকে বুঝিয়ে দিব রূপগঞ্জের মানুষ তাকে কত ভালোবাসে। দ্বিতীয়বারের মতো রূপগঞ্জে আসায় আমরা রূপগঞ্জবাসী গর্বিত। অপরদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে বসুন্ধরা গ্রুপের পক্ষে লাখো সমর্থক সমাগমের লক্ষ্যে ৩১ জানুয়ারি মঙ্গলবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। 
মতবিনিময় সভাটি জনসভায় রূপ নেয়।  ওই সভায় বক্তব্য রাখেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাজাহান ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল বাশার টুকু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহরিয়া পান্না সোহেল, কাঞ্চন পৌরসভার মেয়র আলহাজ রফিকুল ইসলাম, দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টার, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাউদ্দিন ভূঁইয়া, সাবেক চেয়ারম্যান আবু হোসেন ভূঁইয়া রানু, মনজুরুল ইসলাম মাঞ্জু, রংধনু গ্রুপের পরিচালক ও জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান, ভুলতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু দাউদ মোল্লা, তারাবো পৌরসভার সাবেক মেয়র ও রূপগঞ্জ উপজেলা 
যুবলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান খান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি আবুল বাশার টুকু, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কামাল হোসেন কমল, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশিকুল ইসলাম খোকন, আওয়ামী লীগ নেতা আলী আজগর, আবদুল আউয়াল মোল্লা, ফয়েজুর রহমানসহ আরও অনেকে।